সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
সৌদি আরবের আবহা শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লক্ষ্মীপুরের একটি পরিবারের চার সদস্য রয়েছেন।
নিহতরা হলেন—মোহনা (১৩), দেড় বছর বয়সী শিশু সুবাহ, তাদের মা মেহের আফরোজ সুমী (৩০), বাবা মিজানুর রহমান (৪২) এবং বাবর (৩০)। দুর্ঘটনায় একই পরিবারের আরেক কন্যা ফাইজা আক্তার (১১) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আরও পড়ুন: ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত
রোববার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ সময় রাত ১১টার দিকে বিষয়টি স্বজনরা নিশ্চিত হন।
নিহত মিজানুর রহমানের বড় ভাই ব্যবসায়ী বাহারুল আলম জানান, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে আবহা শহরে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। চলতি মাসের ৩ ফেব্রুয়ারি তিনি স্ত্রী মেহের আফরোজ সুমী ও তিন কন্যা—মোহনা, ফাইজা এবং সুবাহকে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। সেখানে অবস্থানকালে সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
আরও পড়ুন: কক্সবাজারে বাস-জিপ সংঘর্ষে নিহত ৪, আহত ৬
নিহতের মামাত ভাই রিফাতুল ইসলাম বলেন, পার্শ্ববর্তী গ্রামের সৌদি প্রবাসী পারভেজ ভূঁইয়ার মাধ্যমে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
রামগঞ্জ থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। মরদেহ দেশে আনার বিষয়ে সিদ্ধান্ত হলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
দুর্ঘটনার বিস্তারিত কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।





