যেসব এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও মানববন্ধন নিষিদ্ধ ঘোষণা ডিএমপির

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:১০ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সুপ্রিম কোর্ট এলাকার সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬ (অর্ডিন্যান্স নং III/৭৬)–এর ২৯ ধারার ক্ষমতাবলে জারি করা হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবনের সামনে কোনও ধরনের সভা বা আন্দোলনমূলক কার্যক্রম করা যাবে না।

আরও পড়ুন: সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ করা হচ্ছে। সাম্প্রতিক কিছু ঘটনায় সুপ্রিম কোর্ট এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কায় এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএমপি জানিয়েছে, জনস্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।