হাদির জানাজায় সংসদ ভবন এলাকায় ৮৭০ আনসার সদস্য মোতায়েন
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জানাজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি বাহিনীর মোট ৮৭০ জন সদস্য দায়িত্ব পালন করবেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে আগত আনসার সদস্যরা সংসদ ভবন এলাকায় জড়ো হন। জানাজা উপলক্ষে দায়িত্ব পালনের আগে তাদের নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় ব্রিফিং ও প্রশিক্ষণ দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন
আনসার সূত্র জানায়, হাদির জানাজার নিরাপত্তায় তিন শ্রেণির আনসার বাহিনী মোতায়েন থাকবে। এর মধ্যে রয়েছে ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার এবং টিডিপি (TDP) স্বেচ্ছাসেবক। মাঠপর্যায়ে তদারকির জন্য দায়িত্বে থাকবেন ৪ জন পরিচালক, ৭ জন ডেপুটি পরিচালক এবং ১২ জন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা।
প্রশিক্ষণ শেষে আনসার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মো. আইয়ুব আলী বলেন, ‘নামাজে জানাজাকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ব্যাটালিয়ন আনসারের ২৭০ জন, অঙ্গীভূত আনসারের ৪০০ জন এবং টিডিপি স্বেচ্ছাসেবকের ২০০ জন সদস্য দায়িত্ব পালন করবেন।’
আরও পড়ুন: বিচারপতি রেজাউল হককে প্রধান করে ৫ সদস্যের সার্চ কমিটি গঠন
তিনি আরও জানান, সংসদ ভবনের পূর্ব পাশের মাঠ পুরোপুরি সুরক্ষিত রাখা হবে। যাতে কেউ অননুমোদিতভাবে ভেতরে প্রবেশ করতে না পারে এবং কোনোভাবেই দেয়াল টপকে জনসাধারণের প্রবেশের সুযোগ না থাকে—সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।
কর্তৃপক্ষ আশা করছে, এই সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে শান্তিপূর্ণভাবে জানাজা সম্পন্ন করা সম্ভব হবে।





