বাঘাইছড়িতে ভোজ্য তেলের অবৈধ মজুত ঠেকাতে ৫৪ বিজিবির কড়াকড়ি অভিযান

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:১৩ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকায় ভোজ্য তেলের অবৈধ মজুত ও চোরাচালান প্রতিরোধে তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে দায়িত্বপূর্ণ এলাকায় তল্লাশি ও টহল কার্যক্রম বৃদ্ধি করেছে।

বিজিবি সূত্র জানায়, বিশেষ করে ব্যাটালিয়ন গেইটে প্রবেশ ও বহির্গমনকারী সকল যানবাহনে কঠোর তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহভাজন পণ্য পরিবহন রোধে নজরদারি বাড়ানো হয়েছে এবং সীমান্ত এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: সেনা কর্মকর্তা ও ডিজিএফআই এর পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী বলেন, দেশে ভোজ্য তেলের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। এতে বাজার অস্থিতিশীল হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তিনি আরও জানান, এ পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় অবৈধ মজুত ও চোরাচালান রোধে নিয়মিত অভিযান, তল্লাশি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: রাঙ্গামাটির দুর্গম বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৭৪ লিটার পেট্রোল জব্দ

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুত ও চোরাচালান প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।