সেনা কর্মকর্তা ও ডিজিএফআই এর পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:৫১ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআই’র কর্মকর্তার ভুয়া পরিচয় ব্যবহার করে একটি প্রতারক চক্র সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে ভয়-ভীতি প্রদর্শন করছে—এমন তথ্য পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, প্রতারকরা নিজেদের ব্রিগেডিয়ার জেনারেল বা লেফটেন্যান্ট কর্নেল পরিচয় দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন কৌশলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

জানা গেছে, এই চক্রটি সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইট থেকে ইউনিফর্ম পরিহিত কর্মকর্তাদের ছবি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যমে প্রোফাইল হিসেবে ব্যবহার করছে। এর মাধ্যমে তারা বিশ্বাস অর্জন করে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনার অপচেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন: বাঘাইছড়িতে ভোজ্য তেলের অবৈধ মজুত ঠেকাতে ৫৪ বিজিবির কড়াকড়ি অভিযান

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী বা কোনো গোয়েন্দা সংস্থা কখনোই ব্যক্তিগতভাবে এ ধরনের যোগাযোগ করে না। যদি কেউ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে ফোন বা বার্তার মাধ্যমে ভয়-ভীতি প্রদর্শন করে কিংবা কোনো ধরনের সুবিধা আদায়ের চেষ্টা করে, তাহলে তা সম্পূর্ণ প্রতারণা হিসেবে বিবেচিত হবে।

এ ধরনের পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল নম্বরসহ দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সবাইকে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: রাঙ্গামাটির দুর্গম বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৭৪ লিটার পেট্রোল জব্দ

প্রতারক চক্রকে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে বলে জানা গেছে।