অস্ত্র মামলায় ফয়সাল করিম রাহুল ও দাউদকে ১০ বছরের কারাদণ্ড

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:০২ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 রাজধানীর একটি অস্ত্র মামলায় ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং দাউদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার যুক্তিতর্ক শেষ হওয়ার পর ৯ এপ্রিল রায়ের দিন নির্ধারণ করা হয়েছিল। ফয়সাল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি রয়েছে।

আরও পড়ুন: এলপিজি সিলিন্ডার নৈরাজ্যের সঙ্গে দামও বাড়ল

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৭ নভেম্বর র‌্যাব-২ রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ফয়সাল করিমকে আটক করে। এ সময় তার কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

পরদিন আদাবর থানায় হাবিলদার মশিউর রহমান তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, ফয়সাল করিম এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং সংঘবদ্ধভাবে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

আরও পড়ুন: সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি

মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৮ মার্চ উপ-পরিদর্শক জাহিদ হাসান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৭ নভেম্বর পর্যন্ত জামিনে ছিলেন ফয়সাল করিম। পরে শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। সম্প্রতি তাকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।