হাইতির ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ: সেনাপ্রধান
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের নতুন উদ্যোগ হিসেবে হাইতিতে গঠিত ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশের সদস্যরা অংশ নেবেন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (১০ জুন) ঢাকার সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।
সেনাপ্রধান বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার আরও জোরদার হচ্ছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের নয়টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের মোট ৪ হাজার ২১২ জন শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও পুলিশের সদস্যরা রয়েছেন।
আরও পড়ুন: শুরু হচ্ছে দুর্নীতিবিরোধী অভিযান, দুদকের সার্চ কমিটি চূড়ান্ত
তিনি জানান, শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণেও বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এখন পর্যন্ত ৩ হাজার ৯০৫ জন নারী শান্তিরক্ষী সফলভাবে বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ২৯৪ জন নারী সদস্য বিশ্বের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছেন।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে ১৯৮৮ সাল থেকে বাংলাদেশ বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। দীর্ঘ এই যাত্রায় বাংলাদেশ শান্তিরক্ষায় একটি স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: রামিসা হত্যার তদন্ত সংশ্লিষ্টসহ ভালো কাজের পুলিশকে পুরস্কার দেয়া হচ্ছে
তিনি আরও বলেন, বিশ্বব্যাপী শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জ ও বাস্তবতা দ্রুত পরিবর্তিত হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার, চিকিৎসা ও প্রকৌশল সহায়তা বৃদ্ধি এবং নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ আরও বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশ কাজ করে যাচ্ছে।
সেনাপ্রধান আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে।





