পুলিশের নতুন পোশাকে আইজিপি ও ডিএমপি কমিশনার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ৭:৪৩ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (১ জুলাই) থেকে পুলিশ সদস্যরা গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্ট পরিধান করে দায়িত্ব পালন শুরু করেছেন। নতুন পোশাক ধাপে ধাপে দেশের সব পুলিশ সদস্যের কাছে সরবরাহ করা হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বুধবার রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে নতুন ইউনিফর্মে দেখা যায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরকে। তিনি গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্ট পরিধান করেন। একই অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্টে দেখা যায়।

আরও পড়ুন: সামাজিক মাধ্যমে পুলিশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের চিহ্নিত করে বিচার দাবি

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, বুধবার থেকেই নতুন ইউনিফর্মের ব্যবহার শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব পুলিশ সদস্যকে নতুন পোশাক সরবরাহ করা হবে।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর পুলিশ বাহিনীতে সংস্কারের অংশ হিসেবে ইউনিফর্ম পরিবর্তনের দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের নভেম্বরে পুলিশের শার্টের রঙ লোহা-ধূসর এবং প্যান্টের রঙ কফি-বাদামি ধূসর করা হয়েছিল। তবে মাঠপর্যায়ে সেই পোশাক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেওয়ায় বর্তমান সরকার পুনরায় ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন, নিরাপত্তা জোরদারে সরকারের নতুন উদ্যোগ

গত ১৮ জুন পুলিশ সদর দপ্তরের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যদের জন্য খাকি রঙের টিসি টুইল কাপড়ের ট্রাউজার এবং গাঢ় নীল রঙের টিসি প্লেইন ফেব্রিকের শার্ট নির্ধারণ করা হয়েছে। শার্টে চারটি পকেট এবং সামনে সাতটি বোতাম থাকবে।

নারী পুলিশ সদস্যদের জন্যও নতুন পোশাকের নির্দেশনা দেওয়া হয়েছে। তারা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশের সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী মাথার আবরণ ব্যবহারেরও সুযোগ রাখা হয়েছে।

নতুন নির্দেশনায় গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরার বিধান রাখা হয়েছে। গর্ভাবস্থায় নারী পুলিশ সদস্যরা ইউনিট প্রধানের অনুমোদন সাপেক্ষে সাধারণ পোশাক পরতে পারবেন। এছাড়া ট্রাফিক ইউনিটের নারী সদস্যরা সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরার সুযোগ পাবেন।

পাশাপাশি শার্টের নতুন রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে জার্সি, কার্ডিগান, পুলওভার ও জ্যাকেটের রঙও পরিবর্তন করা হয়েছে। আগে ব্যবহৃত লোহা-ধূসর জার্সির পরিবর্তে এখন গাঢ় নীল শার্টের সঙ্গে গাঢ় নীল ফুলহাতা জার্সি বা কার্ডিগান ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, নতুন প্রজ্ঞাপনে জেলা পুলিশ, এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাবসহ বিভিন্ন ইউনিটের ইউনিফর্মের ধরন ও রঙ সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।