এনআইডি-সিডিআর ও জন্মনিবন্ধনের তথ্য বিক্রির অভিযোগে সিটিটিসির হাতে গ্রেফতার এক
অবৈধভাবে মোবাইল নম্বরের কল ডিটেইল রেকর্ড (সিডিআর), জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধনের তথ্য, এসএমএস কনটেন্ট এবং এলসিএল/এলআরএল বিক্রির অভিযোগে একটি চক্রের সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতার ব্যক্তির নাম অমিত পাল (২১)। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: সাবেক ডিআইজি আতিকার স্বামীর ২ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক
সিটিটিসি সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে একটি ফেসবুক আইডি থেকে বিভিন্ন গোপন ও সংবেদনশীল ব্যক্তিগত তথ্য অর্থের বিনিময়ে বিক্রির বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল। বিষয়টি শনাক্ত করে সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স অ্যানালাইসিস টিম।
পরে ওই ফেসবুক আইডির ব্যবহারকারীকে শনাক্ত করে মগবাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অমিত পালকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: সরকারবিরোধী ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি
এ সময় তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়। এছাড়া হোয়াটসঅ্যাপ চ্যাটে লেনদেন এবং ডেটা বিক্রির তথ্যসংবলিত ৪০ পাতার স্ক্রিনশটও আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
সিটিটিসির দাবি, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে সাইবার স্পেসে বেআইনিভাবে প্রবেশ করে প্রতারণা ও অবৈধ ই-ট্রানজেকশনের সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় গ্রেফতার অমিত পালের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি জানিয়েছেন।





