স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালনের লক্ষ্যে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টিগ্রিটিতে ঢাকা ভেন্যুর প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সারাদেশের ১১৪টি প্রশিক্ষণ ভেন্যুতে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়েছে। নির্বাচনি প্রশিক্ষণ আগে নেননি—এমন মোট ৩৮ হাজার ৮৪৭ জন পুলিশ সদস্য এতে অংশ নিচ্ছেন। প্রথম ব্যাচে প্রশিক্ষণ নিচ্ছেন ৪ হাজার ৯৬৫ জন।
আরও পড়ুন: এসআরবি আইনের প্রজ্ঞাপন জারি, অপরিবর্তিত লোগোর নকশা
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১ লাখ ৫২ হাজার ১৭৫ জন পুলিশ সদস্যকে নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এসব পুলিশ সদস্যকে এক দিনের রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হবে। নির্বাচনি প্রশিক্ষণ কার্যক্রম শেষ হওয়ার পর এই রিফ্রেশার প্রশিক্ষণ শুরু হবে।
পুলিশের নির্বাচনি দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতা বাড়াতেই পর্যায়ক্রমে এসব প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে।





