আগামীকাল শিল্পকলা একাডেমিতে আবৃত্তি প্রযোজনা ও শ্রুতি নাটক ‘ডাকঘর’

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ন, ০৪ জুন ২০২৬ | আপডেট: ৪:০৭ পূর্বাহ্ন, ১৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাগেরহাট থিয়েটার ও আবৃত্তি সংগঠন শব্দকল্পদ্রুমের যৌথ আয়োজনে (শুক্রবার) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে অনুষ্ঠিত হবে আবৃত্তি প্রযোজনা, একক আবৃত্তি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নাটক ‘ডাকঘর’-এর নির্বাচিত অংশের শ্রুতি নাট্য পরিবেশনা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে দর্শকদের জন্য থাকছে আবৃত্তি প্রযোজনা ‘চর্যাপদ ও বাংলার মুখ’, নির্বাচিত আঞ্চলিক কবিতার একক আবৃত্তি ‘পিরীতের পূর্ণিমার চাঁন’ এবং শ্রুতি নাটক ‘ডাকঘর’-এর নির্বাচিত অংশ।

আরও পড়ুন: জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে ফিরলেন আফসানা বেগম

‘চর্যাপদ’ পরিবেশনায় অংশ নেবেন লায়লা আক্তার, নিলুফা ইয়াসমিন নীলা, প্রত্যাশা বিনতে শাহিন ও পলি হাওলাদার। এর নির্দেশনায় রয়েছেন নাজমুল আহসান এবং প্রযোজনায় রয়েছে শব্দকল্পদ্রুম।

নির্বাচিত আঞ্চলিক কবিতার আবৃত্তি ‘পিরীতের পূর্ণিমার চাঁন’-এ অংশ নেবেন লুনা আফরোজা, শেখ হালিমা ফারহানা মিতু, হীরা আক্তার, রুমানা হক রিতা, শর্বরী দে রাত্রি, তুষার কান্তি রায়, জলি খাতুন, মিমহা বিনতে মুনীর, রনিতা সরকার, পলি হাওলাদার, নিলুফা ইয়াসমিন নীলা, লায়লা আক্তার ও ইসলামাইল হোসেন নয়ন। প্রযোজনাটির নির্দেশনাও দিয়েছেন নাজমুল আহসান।

আরও পড়ুন: শিল্পকলা একাডেমির মঞ্চে বাগেরহাট থিয়েটার ও শব্দকল্পদ্রুমের ‘ডাকঘর’

এছাড়া ‘বাংলার মুখ’ শীর্ষক আবৃত্তি গ্রন্থনায় স্থান পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক, আবু জাফর ওবায়দুল্লাহ, প্রতুল মুখোপাধ্যায়, মহম্মদ নূরুল হুদা, হুমায়ুন আজাদ ও মারুফুল ইসলামের কবিতা। এতে অংশ নেবেন লুনা আফরোজা, শর্বরী দে রাত্রি, জলি খাতুন, তুষার কান্তি রায়, শেখ হালিমা ফারহানা মিতু ও হীরা আক্তার। গ্রন্থনা ও নির্দেশনায় রয়েছেন নাজমুল আহসান।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতীকী নাটক ‘ডাকঘর’-এর নির্বাচিত অংশের শ্রুতি নাট্যরূপ। নাটকটি অমল নামের এক অসুস্থ শিশুকে কেন্দ্র করে রচিত, যে বাস্তবের সীমাবদ্ধতার মধ্যেও কল্পনার ডানায় ভর করে মুক্তির স্বপ্ন দেখে। আত্মিক মুক্তি, মানবাত্মার স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং বিশ্বমানবতার ভাবনা নাটকটির মূল উপজীব্য।

শ্রুতি নাটকে অভিনয় করবেন নুওয়াইরাহ রশিদ ঋদ্ধি/অদ্বিতীয়া দাস পৃথা (সুধা), মেহরিমা নওমী/পরিপূর্ণা দাশ (অমল), তাবেদার-ই-রসুল চান্নু (মাধব দত্ত), নাজমুল আহসান/তকদীর আবিদ পনি (কবিরাজ), আক্তারুজ্জামান ঝুলন/নাজমুল আহসান (ঠাকুরদা), এইচ এম আল মামুন (দইওয়ালা), অপু আহমেদ (প্রহরী) এবং তকদীর আবিদ পনি/শফিক রেঞ্জার (মোড়ল)।

নাটকটির নির্দেশনায় রয়েছেন নাজমুল আহসান। মঞ্চ ব্যবস্থাপনায় অপু আহমেদ, আলো পরিকল্পনায় মারুফ ও লিনসা, সংগীতে ঝর্না দেবনাথ, আবহ সংগীতে দেবু পাল, শব্দ পরিচালনায় লিটন রায় এবং চিত্রায়নে রাজিব আহমেদ ও এস কে সাইফুল ইসলাম দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠানের সমন্বয় করছেন মুকিতুল কবীর।

আয়োজকরা সংস্কৃতিপ্রেমী দর্শক, গণমাধ্যমকর্মী ও নাট্য-আবৃত্তি অনুরাগীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।