১১ ও ১২ ফেব্রুয়ারি সারা দেশে দোকান ও শপিং মল বন্ধ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৩:২৪ অপরাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, আগামী বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটাধিকার প্রয়োগে সুবিধা দিতে সরকারের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারা দেশে সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল বন্ধ রাখা হবে।

আরও পড়ুন: আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে শাহবাগে পুলিশের অবস্থান

এদিকে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর ফলে শিল্পকারখানার শ্রমিকরা টানা তিন দিন—১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি—ছুটি ভোগ করবেন।

অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি এমনিতেই সাধারণ ছুটি থাকে। ভোটের পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় নির্বাচনকে কেন্দ্র করে টানা কয়েক দিনের ছুটি পাচ্ছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন: ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় সুনিশ্চিত : ড. এম এ কাইয়ুম