শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা রোধে ঝটিকা অভিযান, ৯ দোকানিকে জরিমানা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ন, ১৫ জুন ২০২৬ | আপডেট: ৪:০৩ পূর্বাহ্ন, ১৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর শাহবাগ এলাকায় যত্রতত্র ময়লা ফেলা বন্ধ এবং পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন ও ঝটিকা অভিযান পরিচালনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (১৪ জুন) পরিচালিত এ অভিযানে শাহবাগের বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকানের সামনে ময়লা-আবর্জনা ছড়িয়ে থাকতে দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি দোকানিদের নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানান এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে তাদের মাঝে ডাস্টবিন বিতরণ করেন।

আরও পড়ুন: ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, যে পরামর্শ দিলেন ট্রাফিক পুলিশের

অভিযান চলাকালে পরিবেশ দূষণ ও যত্রতত্র ময়লা ফেলার দায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত ৯ জন দোকানিকে মোট ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, “আমরা রাতারাতি ঢাকাকে সিঙ্গাপুর বা ইউরোপের শহরের মতো পরিচ্ছন্ন করতে পারব না। তবে নিজেদের সামর্থ্য অনুযায়ী একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও নাগরিকবান্ধব ঢাকা গড়ে তুলতে চাই।”

আরও পড়ুন: ঢাবির দুই ছাত্রী হলে জলাবদ্ধতা নিরসন, শিক্ষার্থীদের জীবনযাত্রা স্বাভাবিক

জরিমানার বিষয়ে তিনি বলেন, “গণতান্ত্রিক সরকার হিসেবে আমরা কোনো নাগরিকের ওপর জুলুম করতে চাই না। তবে প্রত্যাশা করি, সবাই নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলবেন, যাতে সিটি কর্পোরেশন নিয়মিতভাবে তা সংগ্রহ করতে পারে।”

সুনাগরিক হিসেবে পরিচ্ছন্নতা বজায় রাখার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

অভিযানকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।