খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শোকজের নির্দেশ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৯:২৩ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২ (খিলগাঁও-তিলপাপাড়া) আঞ্চলিক কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম। এ সময় কার্যালয়ে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়াসহ বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে যান ডিএসসিসি প্রশাসক।

আরও পড়ুন: জিরো পয়েন্ট-বঙ্গভবন এলাকায় ডিএসসিসির অভিযান, জরিমানা ৩২ হাজার টাকা

পরিদর্শনের শুরুতেই আঞ্চলিক কার্যালয়ের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। এর ফলে পরিদর্শন শুরু হওয়ার পর বিলম্বে আসা কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারেননি।

পরিদর্শনকালে প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন। এ সময় তিনি প্রতিটি শাখার হাজিরা খাতা পরীক্ষা করেন। অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা খাতায় তাৎক্ষণিকভাবে ‘অনুপস্থিত’ হিসেবে চিহ্নিত করার নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন: ধানমন্ডিতে দুই প্রাইভেটকার চালকের মারামারি, আটক ২

পরে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি এবং পরবর্তীতে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আসলামকে নির্দেশ দেন ডিএসসিসি প্রশাসক।

এদিকে পরিদর্শনকালে নাগরিক সেবার মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রশাসক। পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সরেজমিনে মনিটরিং করার জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন তিনি।

নাগরিক সেবা নিশ্চিত করতে বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার জন্যও কঠোর নির্দেশনা দেন ডিএসসিসি প্রশাসক।