জাতীয় ঈদগাহের কাছে এক ঘণ্টায় দুই মরদেহ উদ্ধার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:৫৮ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর জাতীয় ঈদগাহের আশপাশের পৃথক দুটি স্থান থেকে এক ঘণ্টার ব্যবধানে দুই পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের কারও পরিচয় এখনো জানা যায়নি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের মরদেহ জাতীয় ঈদগাহের পাশের ফুটপাত থেকে এবং অপরজনের মরদেহ ঈদগাহ-সংলগ্ন কদম ফোয়ারা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ৩ হাজার টাকার ‘ফ্রি শপিং’ অফার, উদ্বোধনের দিনেই শোরুমে হামলা-লুটপাট

পুলিশ জানিয়েছে, নিহত দুজনের বয়স আনুমানিক ৬৫ ও ৪৫ বছর। তাঁরা ভবঘুরে ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অসুস্থতাজনিত কারণে তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, জাতীয় ঈদগাহের পাশের ফুটপাতে দুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: লালবাগে পাওনা টাকা চাওয়ায় হত্যা, বালিচাপা অর্ধগলিত মরদেহ উদ্ধার

ওসি আরও জানান, দুজনই জাতীয় ঈদগাহের আশপাশের ফুটপাতে থাকতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।