ঢাকার মিরপুরে মিনিটের ব্যবধানে যাত্রীবাহী দুই বাসে আগুন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:২১ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:২৮ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিরপুরে মিনিটের ব্যবধানে দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মিরপুর-১১ ও মিরপুর-১ নম্বরে পৃথকভাবে বাস দুটিতে আগুনের ঘটনা ঘটে।

সবশেষ সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১ নম্বর মোড়ে অভিযাত পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। তবে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানিয়েছেন, বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

আরও পড়ুন: মিরপুরে চলন্ত বাসে আগুন

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছে। বাইরে থেকে কয়েকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে এ বাসে আগুন লাগার কোনো তথ্য ফায়ার সার্ভিসের কাছে নেই বলে জানা গেছে।

মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘কে বা কারা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে বাসটি পোড়েনি। এ বিষয়ে আমরা কাজ করছি।’

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে পরপর পাঁচ ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

এর আগে সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে খবর পাওয়ার পর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, শিকড় পরিবহনের বাসটিতে চলন্ত অবস্থায় আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা এ ঘটনায় হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।