অভিযানে উদ্ধার অস্ত্র ও মোটরসাইকেল
উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮, আদালতে পাঠানো ১৬
রাজধানীর উত্তরা এলাকার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতাকে কেন্দ্র করে সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কিশোর গ্যাংয়ের কথিত লিডার হামজা বিল্লাহসহ ৮ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
পুলিশ জানায়, শনিবার গভীর রাতে উত্তরা ১১ নম্বর সেক্টর এলাকায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে একদল কিশোর গ্যাং সদস্য পুলিশের ওপর হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
আরও পড়ুন: দিন-দুপুরে গোলাগুলি, খুন হচ্ছে একের পর এক; বাড়ছে জনমনে আতঙ্ক
ঘটনার পর উত্তরা পশ্চিম থানায় মামলা নং-৮ দায়ের করা হয়েছে। মামলার বাদী এসআই আবু সাঈদ। পুলিশের ওপর হামলার অভিযোগে ৮ জনকে আসামি করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মো. হামজা বিল্লাহ (১৬), পিতা: মাসুম বিল্লাহ; সজীব (১৯); ইমতিয়াজ আহমেদ (১৯); মো. আইকুল (১৭); জাবির (১৭); মো. সোহাগ (১৭); হান্নান (১৭) ও সাকিব (১৬)।
আরও পড়ুন: ওয়ারীতে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই: আন্তঃজেলা ডাকাত চক্রের আরও ৩ সদস্য গ্রেফতার
পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। অভিযানের সময় একটি ৩০ ইঞ্চি লম্বা কাঠের লাঠি (নিচের অংশ চারদিকে লোহা দ্বারা আবৃত), একটি এসএস পাইপের সঙ্গে চেইন স্প্রোকেটের কাটা অংশ সংযুক্ত লোহার তৈরি অস্ত্র এবং তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানার একটি সূত্র জানায়, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। এ সময় দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়। পরে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
এদিকে পৃথক অভিযানে একই থানা এলাকা থেকে আরও আটজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে প্রতারণা মামলায় গ্রেফতার হয়েছেন মো. ইলিয়াস মোল্লা ওরফে নজরুল (৫৫)। এছাড়া ডিএমপি অধ্যাদেশ আইনে গ্রেফতার হয়েছেন মো. নাঈমুর রহমান (২৪), মো. শাহীন (৩৫), মো. হানিফ (৩৯), মো. শাহাদত হোসাইন (১৯), মো. দুলাল (৩৮), হেদায়েত উল্লাহ (৩৩) ও মো. স্বপন মিয়া (৩৪)।
সব মিলিয়ে কিশোর গ্যাং ও পুলিশের ওপর হামলার মামলায় ৮ জন, প্রতারণা মামলায় ১ জন এবং ডিএমপি অধ্যাদেশ আইনে ৭ জনসহ মোট ১৬ জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে নিয়মিত অভিযান ও টহল জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।





