কামরাঙ্গীরচরে যুবক খুন, ৪ ঘণ্টার মধ্যেই দুই ঘাতক গ্রেপ্তার
রাজধানীর কামরাঙ্গীরচরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন (২৭) হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো: ১। মো. পরান (২০) ও ২। মো. ইমরান (২০)। এ সময় তাদের হেফাজত হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা চাকু উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বিআরটিএ ওয়েবসাইট ক্লোন করে প্রতারণা, ৩ সদস্য গ্রেপ্তার
কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) রাত আনুমানিক ০৮.৫০ ঘটিকার সময় রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন পূর্ব ইসলাম নগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন নামক এক ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় তার আত্নীয়-স্বজন তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ঘটনায় জড়িতরা যেন গা-ঢাকা দিতে না পারে সে লক্ষ্যে পুলিশ বিভিন্ন স্থানে তাৎক্ষণিক চেকপোস্ট স্থাপন করে এবং বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে কামরাঙ্গীরচর থানাধীন নূরবাগ এলাকা থেকে সোমবার দিবাগত রাত আনুমানিক ০১.৩০ ঘটিকার সময় এই ঘটনার সাথে সরাসরি জড়িত দু'জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ঘটনায় ব্যবহৃত একটি রক্তমাখা চাকু উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা সংঘটিত হয়। এই ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: ডিবির সাবেক কর্মকর্তা গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত





