বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৫০তম বিনিয়োগ প্রতিষ্ঠান জার্নি আউটডোরস
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ধারাবাহিকভাবে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সাফল্য অর্জন করে চলেছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৫০তম প্রতিষ্ঠান হিসেবে শিল্প স্থাপনের লক্ষ্যে জার্নি আউটডোরস বাংলাদেশ কোম্পানি লিমিটেড লিজ চুক্তি স্বাক্ষর করেছে। এই বিনিয়োগ বেপজা অর্থনৈতিক অঞ্চলের ক্রমবর্ধমান শিল্প সম্ভাবনা ও আন্তর্জাতিক বিনিয়োগ গন্তব্য হিসেবে সুনামকে আরও শক্তিশালী করবে।
সিঙ্গাপুর ও চীনের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান জার্নি আউটডোরস বাংলাদেশ কোম্পানি লিমিটেড ২৭.৫৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে উচ্চমানের পোশাক ও আউটডোর পণ্য উৎপাদনকারী একটি শিল্প স্থাপন করবে।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংক থেকে ১ হাজার কোটি টাকা সহায়তা পেয়েছে ন্যাশনাল ব্যাংক
আজ (২৮ অক্টোবর ২০২৫) ঢাকায় বেপজা কমপ্লেক্সে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মোঃ আশরাফুল কবীর ও জার্নি আউটডোরস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিজ. হ্যান জানজিয়াও চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল উপস্থিত থেকে চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন।
আরও পড়ুন: বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.৩১ বিলিয়ন ডলার
প্রতিষ্ঠানটি বছরে প্রায় ১ কোটি ৬০ লাখ পিস উচ্চমানের পোশাক ও আউটডোর পণ্য উৎপাদন করবে। এর মধ্যে রয়েছে— আন্ডারওয়্যার, টি-শার্ট, পোলো শার্ট, শর্টস, বিভিন্ন ধরনের জ্যাকেট (ফ্লিস, সফট শেল, ডাউন, কটন, লেদার, ওয়াটারপ্রুফ, উইন্ডপ্রুফ), আউটওয়্যার পোশাক, স্কি স্যুট, মাছ ধরার পোশাক, হাইকিং পোশাক, ইয়োগা পোশাক, দৌড়ানোর পোশাক, জিন্স, গল্ফ পোশাক, স্কার্ট, ব্যাকপ্যাক, তাঁবু, স্লিপিং ব্যাগ, গ্লাভস, স্কার্ফ ইত্যাদি।
প্রতিষ্ঠানটিতে প্রায় ৩,৪৬৭ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানা গেছে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, “জার্নি আউটডোরস বাংলাদেশের মতো আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগের জন্য বেছে নেওয়ায় আমরা কৃতজ্ঞ। বিনিয়োগকারীদের জন্য বিশ্বমানের সেবা ও নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে বেপজা প্রতিশ্রুতিবদ্ধ।”
বর্তমানে বেপজা অর্থনৈতিক অঞ্চলে মোট ৫০টি প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য চুক্তি স্বাক্ষর করেছে, যার মোট প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ১.১১ বিলিয়ন মার্কিন ডলার।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মোঃ খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ, এবং জার্নি আউটডোরস বাংলাদেশের প্রতিনিধিরা।





