মার্চে রেমিট্যান্সে রেকর্ড, এক মাসে এলো প্রায় ৪ বিলিয়ন ডলার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ন, ০২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:০০ পূর্বাহ্ন, ০২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সদ্য সমাপ্ত মার্চ মাসে। এ সময় প্রবাসী বাংলাদেশিরা প্রায় ৪ বিলিয়ন ডলার পাঠিয়ে নতুন রেকর্ড গড়েছেন।

বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক-এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ মাসে মোট ৩৭৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী, যার পরিমাণ ৪৬ হাজার কোটি টাকার বেশি। এক মাসে এত বিপুল পরিমাণ রেমিট্যান্স এর আগে কখনো আসেনি।

খাত সংশ্লিষ্টরা বলছেন, পবিত্র রমজান ও আসন্ন ঈদকে কেন্দ্র করে প্রবাসীরা পরিবারে বাড়তি খরচ মেটাতে বেশি অর্থ পাঠিয়েছেন। এর ফলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা তৈরি হয়েছে।

আরও পড়ুন: আবারও এক লাফে বাড়ল সোনার দাম

গত বছরের একই সময়ের তুলনায় এ বছরের মার্চে রেমিট্যান্স বেড়েছে প্রায় ১৪ শতাংশ। ২০২৫ সালের মার্চে যেখানে রেমিট্যান্স ছিল ৩৩০ কোটি ডলার, সেখানে এবছর তা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৫ কোটির বেশি।

এর আগে ফেব্রুয়ারি মাসে দেশে আসে প্রায় ৩০২ কোটি ডলার রেমিট্যান্স।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬২১ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।

এদিকে প্রবাসী আয় বৃদ্ধির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়েছে। আমদানি ব্যয় পরিশোধের পরও দেশের রিজার্ভ কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২৫ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মানদণ্ড (বিপিএম-৬) অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৬১ বিলিয়ন ডলার।