সারা দেশে ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম: প্রতিবেদন প্রকাশ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ন, ০১ মার্চ ২০২৬ | আপডেট: ৪:৪০ অপরাহ্ন, ০১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারা দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)।

রোববার (১ মার্চ) অধিদপ্তরের পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রকাশিত তালিকায় ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিদর্শন ও নিরীক্ষা করা প্রতিষ্ঠানগুলোর তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: চবিতে ফ্যাসিস্ট আমলের কর্মকর্তার বিতর্কিত পদোন্নতি, প্রশ্নের মুখে প্রশাসন

প্রতিবেদনে জাল বা ভুয়া সনদ, অগ্রহণযোগ্য সনদ, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট-আইটিসহ বিভিন্ন আর্থিক অনিয়মের চিত্র উঠে এসেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, এসব অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ খ্রিষ্টাব্দের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো মোট ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিদর্শন, নিরীক্ষা বা তদন্ত প্রতিবেদনের তালিকা অধিদপ্তরের ওয়েবসাইটের (www.dia.gov.bd) নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: নরসিংদীসহ সারাদেশে ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

প্রতিবেদনগুলোর অনুলিপি সংশ্লিষ্ট অধিদপ্তরসমূহে (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর), সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে ডি-নথিতে (প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ই-মেইলে), সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে ডি-নথিতে, সভাপতি (ব্যবস্থাপনা কমিটি/গভর্নিং বডি) এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে ই-মেইলে (ব্যানবেইস জরিপে প্রদত্ত প্রতিষ্ঠানের নিজস্ব ই-মেইলে) পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকাশিত তালিকাভুক্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি সংশ্লিষ্ট ই-মেইলে প্রতিবেদন না পায়, তাহলে নিজ নিজ জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করে (ডি-নথি সিস্টেম থেকে ডাউনলোড করে) প্রতিবেদন সংগ্রহ করা যাবে।

জেলা শিক্ষা অফিস থেকে সংগ্রহ সম্ভব না হলে, প্রতিষ্ঠানের লেটারহেড প্যাডে পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বরাবর আবেদন করে তার কপি director@dia.gov.bd ই-মেইলে পাঠাতে হবে। আবেদন পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ই-মেইলে প্রতিবেদন পুনরায় পাঠানো হবে।

প্রয়োজনে ০২৪১০৫৩৩৪৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।