ঢাবি রোকেয়া হলে নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে ‘চির-উন্নত মম শির’ সাংস্কৃতিক আয়োজন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২৬ | আপডেট: ২:১৮ পূর্বাহ্ন, ২৫ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী এবং নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ‘চির-উন্নত মম শির’ শীর্ষক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। জাতীয় কবির সৃষ্টিশীলতা, সাম্যের দর্শন, বিদ্রোহী চেতনা এবং মানবতাবাদী চিন্তাধারা নতুন প্রজন্মের কাছে সৃজনশীলভাবে তুলে ধরার লক্ষ্য নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে রোকেয়া হল কেন্দ্রীয় সাংস্কৃতিক সংগঠন রোসনি। আয়োজনে সহযোগিতা করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এবং মিশন গ্রিন বাংলাদেশ।

আরও পড়ুন: চাঁবিপ্রবি উপ-উপাচার্য হলেন জবি অধ্যাপক লোকমান হোসেন

রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মাওলা। বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোসনির সভাপতি রিফতি আল জাবেদ এবং সাধারণ সম্পাদক জিন্নাতুল ইসলাম প্রত্যাশা।

দুই পর্বে অনুষ্ঠিত এ আয়োজনের প্রথম পর্বে ‘কণ্ঠে, কথায় ও নৃত্যে নজরুল’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রোকেয়া হলের শিক্ষার্থীরা নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও একক নৃত্য পরিবেশন করেন।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

দ্বিতীয় পর্বে রোকেয়া হল অডিটোরিয়ামে আলোচনা সভা, নির্বাচিত সাংস্কৃতিক পরিবেশনা, সম্মাননা প্রদান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি ‘বুলবুলি বই কর্নার’ ও ‘নজরুল ফটো গ্যালারি’-তে জাতীয় কবিকে নিয়ে প্রকাশিত গ্রন্থ এবং ঐতিহাসিক আলোকচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক, মানবিক ও বিদ্রোহী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।