সূর্য সেন হল ক্যাফেটেরিয়ায় নিম্নমানের খাবার, ভিপির কঠোর সতর্কবার্তা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৪:২১ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল ক্যাফেটেরিয়ার নানামুখী অনিয়ম ও নিম্নমানের খাবার নিয়ে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ক্ষোভ রয়েছে। প্রায় চার দশক ধরে একই মালিকের অধীনে থাকা এই ক্যাফেটেরিয়ায় নিয়মিতভাবে শিক্ষার্থীদের পচা-বাসি খাবার পরিবেশন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। খাবারের মান এতটাই নাজুক হয়ে পড়েছে যে, অধিকাংশ শিক্ষার্থী ইতোমধ্যেই এই ক্যাফেটেরিয়া এড়িয়ে চলেন।

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে নবনির্বাচিত হল সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) আজিজুল হক রবিবার (১৪ সেপ্টেম্বর) ক্যাফেটেরিয়া পরিদর্শন করেন। সেখানে গিয়ে তিনি পচা সবজি, নিম্নমানের ডাল-ভাজি, রান্নাঘরে সিগারেট খাওয়ার ঘটনা, চারপাশে সিগারেটের ফিল্টার, চুলার পাশে ময়লার স্তুপ ও তেলাপোকার উপদ্রবসহ নানা অসঙ্গতি দেখতে পান। এ ছাড়া রান্নাঘরে এক কর্মীকে হাফপ্যান্ট পরে কাজ করতে দেখেন, যা শালীনতা ও পরিচ্ছন্নতার দিক থেকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের অধ্যাপকের সাক্ষাৎ

এ সময় ভিপি আজিজুল হক ক্যাফেটেরিয়া ম্যানেজার মোহাম্মদ নোমানকে খাবারের মান উন্নয়নে ১৫ দিনের আলটিমেটাম দেন। তিনি বলেন, “৪২ বছর ধরে ক্যাফেটেরিয়া চালিয়েও ন্যূনতম পরিবর্তন আনতে পারেননি। শিক্ষার্থীরা পচা-বাসি খাবার খেতে বাধ্য হচ্ছে। যদি ১৫ দিনের মধ্যে পরিবর্তন না আসে, তাহলে দায়িত্ব ছাড়ার মানসিক প্রস্তুতি নেবেন।”

তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ এটিকে সাহসী পদক্ষেপ বলে সমর্থন করেন, আবার অনেকে মনে করেন তার ভাষা আরও সংযত হতে পারত।

আরও পড়ুন: ঢাবিতে ২০ লাখ টাকার দুটি ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা, বৃত্তি ও গবেষণায় সহায়তা পাবেন শিক্ষার্থীরা

পরবর্তীতে নিজের ফেসবুক পোস্টে আজিজুল হক স্বীকার করেন, সতর্ক করার সময় তার ভাষা কিছুটা কঠোর হয়ে গিয়েছিল। তবে তিনি আশ্বস্ত করেন, সামনে থেকে আরও সংযত আচরণের চেষ্টা করবেন। একইসঙ্গে তিনি অভিযোগ করেন যে, দীর্ঘদিন ধরে নির্দিষ্ট সিন্ডিকেট ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া নিয়ন্ত্রণ করছে, যার কারণে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত পরিবর্তন পাচ্ছে না।

ঘটনাটিকে ঘিরে সূর্য সেন হল সংসদের সদস্য মো. সাইয়েদুজ্জামান নূর আলভীও বলেন, “প্রায় ৪২ বছর ধরে এই ক্যাফেটেরিয়ার মালিক শিক্ষার্থীদের পঁচা-বাসি খাবার খাওয়াচ্ছেন। ইতিপূর্বেও শিক্ষার্থীরা বহুবার অনিয়ম ধরিয়ে দিয়েছে, কিন্তু কোনো পরিবর্তন আসেনি। আজকের পরিদর্শনে পঁচা সবজি, নিম্নমানের ডাল-ভাজি, রান্নাঘরে সিগারেট খাওয়ার মতো ঘটনা চোখে পড়েছে। এতকিছুর পর ভিপি আজিজ ভাই ক্ষিপ্ত হয়ে পড়েন— যা পরিস্থিতির প্রেক্ষিতে যৌক্তিক হলেও ভাষা হয়তো আরও নরম হওয়া উচিত ছিল।”

তিনি আরও যোগ করেন, “এখন কেউ বাইরে থেকে একপাক্ষিকভাবে সমালোচনা করছেন। যারা মনে করেন ভিপি বাড়াবাড়ি করেছেন, তাদের উচিত একদিন এই ক্যাফেটেরিয়ার খাবার খেয়ে দেখা।”

আলভীর অভিযোগ, বিষয়টিকে ঘিরে ছাত্রদল সারাদেশব্যাপী রাজনৈতিক ইস্যু তৈরির চেষ্টা করছে, অথচ শিক্ষার্থীদের আসল সমস্যা হচ্ছে পঁচা খাবার এবং ন্যূনতম স্বাস্থ্যবিধির অভাব।