চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত মামুনের মাথায় সফলভাবে খুলি প্রতিস্থাপন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:১৭ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত সমাজতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মামুন মিয়ার মাথার খুলি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) নগরীর পার্কভিউ হাসপাতালে তার মাথার খুলির অংশ প্রতিস্থাপনের অস্ত্রোপচার সম্পন্ন হয়। দুই মাস ফ্রিজে সংরক্ষিত থাকার পর ওই খুলি সফলভাবে মামুনের মাথায় বসানো হয়।

অস্ত্রোপচার পরিচালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মু. ইসমাঈল হোসেন। তিনি জানান, “অপারেশনের পর প্রাথমিক জটিলতা দেখা দিলেও বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল। দু-এক দিনের মধ্যে তাকে ছাড়পত্র দেওয়ার সম্ভাবনা রয়েছে।”

আরও পড়ুন: ঢাবির ফলাফল ওয়েবসাইটে ম্যালওয়্যার আক্রমণের অভিযোগ, তদন্তে আইসিটি বিভাগ

এদিকে একই সংঘর্ষে আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ বর্তমানে আগের চেয়ে ভালো আছেন এবং তাকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। উভয় শিক্ষার্থীই গত দুই মাস ধরে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত ৩০ আগস্ট দিবাগত রাত সোয়া ১২টা থেকে পরদিন দুপুর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে একাধিক দফা সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের অভিযোগ থেকে এ সংঘর্ষের সূত্রপাত।

আরও পড়ুন: ঢাবি-চীনের এসসিএসআইও’র মধ্যে সমঝোতা স্মারক সই, সামুদ্রিক গবেষণায় জোরদার সহযোগিতা

দীর্ঘ কয়েক ঘণ্টার এই সংঘর্ষে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, তৎকালীন প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ অন্তত ২০০ শিক্ষার্থী আহত হন। এছাড়া ১০ থেকে ১২ জন স্থানীয় বাসিন্দাও আহত হয়েছিলেন।

সংঘর্ষে গুরুতর আহত মামুন ও ইমতিয়াজকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের পার্কভিউ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং মামুনকে লাইফ সাপোর্টে রাখা হয়। অস্ত্রোপচারের অংশ হিসেবে তার মাথার ক্ষতিগ্রস্ত খুলির অংশ খুলে সংরক্ষণ করা হয়েছিল, যা দুই মাস পর পুনরায় সফলভাবে প্রতিস্থাপন করা হলো।