এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা মাউশির
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠাতে জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রোববার (২৫ জানুয়ারি) জারি করা এক নির্দেশনায় এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। এতে বলা হয়েছে, মাউশি অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের এমপিও অর্থ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ইএফটি ব্যবস্থায় পরিশোধ কার্যক্রম শুরু হয়েছে। এই ব্যবস্থায় গত জুলাই মাস পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে সরাসরি এমপিও অর্থ পাঠানো হয়েছে। পরবর্তীতে আগস্ট মাস থেকে প্রতিষ্ঠানপ্রধানদের মাধ্যমে অনলাইনে বিল সাবমিট করার পদ্ধতি চালু করা হয়।
আরও পড়ুন: ঢাবি কেন্দ্রীয় মসজিদে ভিসির ঈদের নামাজ আদায়
নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে এমপিও কার্যক্রমে ব্যবহৃত নিজস্ব আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইএমআইএস সিস্টেমের এমপিও–ইএফটি মডিউলে লগইন করে বিল সাবমিট করতে হবে। প্রতিটি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জন্য বিধি অনুযায়ী প্রাপ্য এমপিও অর্থ নির্ধারণ করে পৃথকভাবে বিল দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, কোনো শিক্ষক-কর্মচারীর মৃত্যু, পদত্যাগ, সাময়িক বরখাস্ত কিংবা অনুমোদনহীন অনুপস্থিতির কারণে আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তনের প্রয়োজন হলে তা বিল সাবমিটের সময় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট মাসে বিধি অনুযায়ী যে পরিমাণ অর্থ প্রাপ্য, সেটি নির্ধারণ করেই বিল দাখিল করতে হবে।
আরও পড়ুন: জগন্নাথ হলে প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, ছাত্রদলের তিন নেতাকে অব্যাহতি
মাউশি জানিয়েছে, ইএফটির মাধ্যমে এমপিও অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে বেতন প্রেরণে জটিলতা সৃষ্টি হলে কিংবা অতিরিক্ত অর্থ পাঠানো হলে এর সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।
এ ছাড়া নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, কেবল আইবাস (iBAS++)–এ যাচাইয়ের মাধ্যমে বৈধ হিসেবে চিহ্নিত জনবলের তথ্যই বিল সাবমিট অপশনে অন্তর্ভুক্ত রয়েছে। যাদের তথ্য ভুল বা অসম্পূর্ণ রয়েছে, তা সংশোধন ও যাচাই শেষে বৈধ হলে পরবর্তীতে বিল দাখিলের সুযোগ দেওয়া হবে।
এ অবস্থায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন সময়মতো পরিশোধ নিশ্চিত করতে আগামী ২৭ জানুয়ারির মধ্যে বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে মাউশি।





