ঢাবির রোকেয়া হলে দু’দিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ৬:৪৯ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর রোকেয়া হল-এ দু’দিনব্যাপী বৈশাখী উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে নানা আয়োজনের মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং বাংলা সংস্কৃতি লালনে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন: এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ জুলাই

রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হল সংসদের কোষাধ্যক্ষ ড. রুমানা পারভিন এ্যানি, সহ-সভাপতি ফাতেমাতুল জান্নাত ইমা, সাধারণ সম্পাদক সিনথিয়া মেহরিন সকাল এবং সংস্কৃতি সম্পাদক জান্নাতুল ফেরদৌস তিশা-সহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন হলের শিক্ষার্থীরা।

দু’দিনব্যাপী এ উৎসবে মেহেদী ও আলতা উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রঙ খেলা, ফ্ল্যাশমব, ‘মিস রোকেয়া’ প্রতিযোগিতা, কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে। এছাড়া, দর্শনার্থীদের জন্য নাগরদোলা ও বায়োস্কোপের বিশেষ আয়োজন রয়েছে।

আরও পড়ুন: ঢাবিতে ‘ছোটদের জন্য দর্শন’ শীর্ষক দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত

উৎসব প্রাঙ্গণে বসানো হয়েছে বিভিন্ন স্টল, যেখানে আলতা, কলকা, মেহেদী ও ঐতিহ্যবাহী মিষ্টান্নের সমাহার দেখা গেছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে উঠেছে।

রোকেয়া হল সংসদের উদ্যোগে আয়োজিত এই বৈশাখী উৎসব ক্যাম্পাসে বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।