জাতি ‘অর্ধকানা’ হলে ভবিষ্যৎ ভালো হবে না: শিক্ষামন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ন, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ৬:৩৮ অপরাহ্ন, ১৮ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, একটি জাতি যদি ‘অর্ধকানা’ হয়ে যায়, তাহলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না। তিনি বলেন, সরকার শিক্ষার মানোন্নয়ন ও একটি সুশিক্ষিত জাতি গঠনে কাজ করছে এবং এ দায়িত্ব থেকে কোনোভাবেই বিচ্যুত হবে না।

শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন শেষে সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ঢাবিতে খানবাহাদুর আহ্ছানউল্লার শিক্ষা ও অধ্যাত্মচেতনা নিয়ে সেমিনার

শিক্ষামন্ত্রী বলেন, “যারা আমাকে নিয়ে ট্রল করছে, তারা কেউই ছাত্র নয়। এভাবে ছাত্রদের বিভ্রান্ত করে আন্দোলনের নামে অযথা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে কোনো লাভ নেই।”

সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “শিক্ষার্থীরা একটি ন্যারেটিভকে নেতিবাচকভাবে নিয়েছে। জাতি যদি এভাবে অর্ধকানা হয়ে যায়, তাহলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না। আমরা এই জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব নিয়ে এসেছি। যে যত ট্রল করুক না কেন, আমাদের সঠিক দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবে না।”

আরও পড়ুন: ছাত্রদল নেতার উদ্যোগে ঢাবির বিজয় একাত্তর হলে গঠিত হচ্ছে ফিল্ম ক্লাব

উচ্চশিক্ষার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণে আসবে।

তিনি আরও বলেন, “নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার মাধ্যমে নওগাঁবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন হলো। শিক্ষার ক্ষেত্রে ১৮ জুলাই নওগাঁর জন্য একটি নতুন মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।”

এর আগে সকালে শিক্ষামন্ত্রী নওগাঁ শহরের বরুনকান্দি এলাকায় অবস্থিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন এবং শিক্ষা কার্যক্রমের বিভিন্ন প্রস্তুতি ঘুরে দেখেন।