ভিসির বাসভবনের সামনে ঢাবি শিক্ষার্থীর অবস্থান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইলিয়াস আল মামুনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দ্রুত প্রকাশ এবং অভিযুক্ত প্রভোস্টের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ইব্রাহিম। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু করেন তিনি। তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং প্রভোস্টের অপসারণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইব্রাহিম।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইব্রাহিম বলেন, গত ১৬ আগস্ট তার ওপর হল প্রভোস্টের নির্যাতনের অভিযোগের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে গত সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হলেও নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়া হয়নি।
আরও পড়ুন: প্রাথমিক বৃত্তির অর্থ নির্ধারণ, ট্যালেন্টপুলে মাসে ৩০০
তিনি জানান, প্রতিবেদন প্রকাশের অগ্রগতি জানতে তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন। তবে প্রতিবারই প্রতিবেদন প্রকাশের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। সর্বশেষ চলতি সপ্তাহের বৃহস্পতিবার প্রতিবেদন দেওয়ার কথা জানানো হলেও নির্ধারিত সময়ে প্রতিবেদন পাওয়া যাবে কি না, সে বিষয়ে তদন্ত কমিটি তাকে নিশ্চিত করতে পারেনি বলে দাবি করেন তিনি।
ইব্রাহিমের দাবি, ঘটনার প্রায় ১ ঘণ্টা ১৭ মিনিটের সিসিটিভি ফুটেজ তদন্তের জন্য রয়েছে। এ ধরনের দৃশ্যমান প্রমাণ থাকা সত্ত্বেও ঘটনার দুই সপ্তাহ পরও তদন্ত প্রতিবেদন প্রস্তুত না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
আরও পড়ুন: ম্যানেজিং কমিটি নয়, এনটিআরসি এর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগ
বিবৃতিতে তিনি আরও বলেন, তদন্ত প্রতিবেদন নিয়ে জানতে গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে তিনবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। পরে প্রক্টর কার্যালয়ে গিয়ে বিষয়টি অবহিত করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন প্রস্তুত না হলে অবস্থান কর্মসূচিতে যাওয়ার কথা জানান।
ইব্রাহিম অভিযোগ করেন, নির্যাতনের অভিযোগ ওঠার পরও ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইলিয়াস আল মামুন এখনো স্বপদে বহাল রয়েছেন। তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং ছাত্র নির্যাতনের ঘটনায় অভিযুক্ত প্রভোস্টের অপসারণ না হওয়া পর্যন্ত আমার অবস্থান কর্মসূচি চলবে।





