শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষ, দুপুর ২টা পর্যন্ত ভোট ৪৭.৯১% — শুরু হচ্ছে গণনা
বড় ধরনের সহিংসতা ছাড়াই শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে এখন দেশজুড়ে শুরু হচ্ছে বহুল প্রত্যাশিত ভোট গণনার কার্যক্রম। তবে চূড়ান্ত ভোটার উপস্থিতির হার এখনো জানায়নি নির্বাচন কমিশন (ইসি)। দুপুর ২টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পরপর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, সারাদেশের ৩৬ হাজার ৩১টি কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ।
আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচনে ভোটের ২৫ দিন আগেই চূড়ান্ত হবে কেন্দ্রের তালিকা
দেশে মোট ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, অধিকাংশ কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।
দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি প্রায় অর্ধেক ছুঁয়ে ফেললেও বিকেল পর্যন্ত মোট ভোটার উপস্থিতির চূড়ান্ত হার এখনো প্রকাশ করেনি ইসি। কমিশন জানিয়েছে, সব কেন্দ্র থেকে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে সামগ্রিক ভোটের হার আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
আরও পড়ুন: অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন গড়তে প্রস্তুতি জোরদার, জাতীয় ভোটের অভিজ্ঞতা কাজে লাগাবে ইসি
এদিকে ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে গণনার প্রস্তুতি। কেন্দ্রভিত্তিক ব্যালট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফলাফল পাঠানো হবে। পর্যায়ক্রমে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা শুরু হতে পারে রাতেই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে দেশব্যাপী ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি মাঠে ছিল সশস্ত্র বাহিনীও। নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে।
এখন নজর সবার ফলাফলের দিকে—কে পাচ্ছে জনগণের আস্থা, আর গণভোটে কী রায় দিচ্ছেন ভোটাররা—তা জানতে অপেক্ষা গণনা শেষ হওয়ার।





