দুপুরের পর ভোটকেন্দ্রে ভোটারের দীর্ঘ সারি, বেড়েছে উপস্থিতি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৩১ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে সাতটা থেকে সারাদেশের মতো রাজধানীতেও ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান শুরু করেন। তবে সকালবেলায় উপস্থিতি তুলনামূলক কম থাকলেও দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ঢাকা-১৭ ও ঢাকা-১৮ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন, উত্তরা গার্লস হাইস্কুল এবং রাজউক উত্তরা মডেল কলেজ কেন্দ্রগুলোতে দুপুরের পর ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়।

আরও পড়ুন: জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপর গণভোটের পরিকল্পনা

সরেজমিনে দেখা যায়, দুপুর ১২টার পর নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটাররা কেন্দ্রমুখী হতে থাকেন। অনেক কেন্দ্রে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে ভোটারদের। কর্মজীবী মানুষের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রে ভোট দিতে আসা আফসানা খানম বলেন, “সকালে সংসারের কাজ ছিল, তাই দুপুরে ভোট দিতে এসেছি। লাইনে কিছুটা ভিড় আছে, তবে পরিবেশ শান্ত।”

আরও পড়ুন: পেছাচ্ছে ইউপি নির্বাচন, জানুয়ারিতে ভোটের পরিকল্পনা

উত্তরা গার্লস হাইস্কুল কেন্দ্রে নারী ভোটারদের জন্য আলাদা লাইনে ভোটগ্রহণের ব্যবস্থা দেখা গেছে। রাজউক উত্তরা মডেল কলেজ কেন্দ্রেও দুপুরের পর ভোটার উপস্থিতি বেড়ে যায়। সামগ্রিকভাবে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং কোথাও বড় ধরনের বিশৃঙ্খলার চিত্র দেখা যায়নি।

প্রায় সব কেন্দ্রেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর উপস্থিতি ছিল। কেন্দ্রের প্রবেশ ও বের হওয়ার পথে নজরদারি জোরদার করা হয়েছে। দুপুর পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আজিজুল আলম মৃধা বলেন, “সকাল থেকেই ভোটাররা উৎসাহ নিয়ে ভোট দিচ্ছেন। দুপুরের পর উপস্থিতি প্রায় দ্বিগুণ হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রিত রয়েছে।”