গোপালগঞ্জ সদরে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসারসহ আহত ৩

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৫৬ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলায় ভোটগ্রহণ চলাকালে একটি ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দায়িত্বে থাকা দুই আনসার সদস্য ও এক ভোটারের সঙ্গে আসা এক শিশু আহত হয়েছে। ঘটনার পর কেন্দ্র এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুলে স্থাপিত ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: সাবেক র‌্যাব এডিজি আব্দুল জলিল মন্ডল গ্রেপ্তার

আহতদের মধ্যে রয়েছেন—ভোটকেন্দ্রে দায়িত্ব পালনরত আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার, সেকশন কমান্ডার জামাল হোসেন এবং একজন ভোটারের সঙ্গে আসা আমেনা খানম (১৩) নামের এক শিশু। বিস্ফোরণের ফলে ভোটকেন্দ্রের মূল ফটকও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, সকাল থেকে কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। হঠাৎ করে অজ্ঞাত দুর্বৃত্তরা কেন্দ্রের বাইরে খালের অপর পাশ থেকে ককটেল নিক্ষেপ করে। এতে বিস্ফোরণ ঘটলে দায়িত্বরত আনসার সদস্যসহ তিনজন আহত হন।

আরও পড়ুন: চট্টগ্রামের সাবেক কমিশনার আব্দুল জলিল মন্ডল গ্রেপ্তার

তিনি আরও জানান, বিকট শব্দে ভোটার ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই নিরাপত্তা জোরদার করা হয় এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।