রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু, জাতীয় সংসদের কাছে ভোটার তালিকা চাইল ইসি
রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি এখনো নির্ধারণ না হলেও নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে জাতীয় সংসদের কাছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা চেয়েছে কমিশন।
সোমবার (৩ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল এখনো হয়নি, স্থানীয় নির্বাচনও সরকারের নির্দেশের অপেক্ষায় ইসি
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনো কোনো তারিখ বা তফসিল নির্ধারণ হয়নি। তবে প্রয়োজনীয় প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদের কাছে ভোটার তালিকা চাওয়া হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব বলেন, এ বিষয়ে সরকারের সঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তবে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি ধরে রেখেছে। তিনি জানান, অক্টোবরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শুরু না হলে ভোটার তালিকা চূড়ান্ত করার সময়সীমা বাড়ানোর প্রয়োজন হতে পারে।
আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে স্পিকারের সঙ্গে কালকে বৈঠকে বসবে ইসি
এদিকে, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হলেও এখনো আটটি রাজনৈতিক দল তাদের হিসাব নির্বাচন কমিশনে জমা দেয়নি।
হিসাব জমা না দেওয়া দলগুলো হলো— জাগপা, তৃণমূল বিএনপি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ সুপ্রিম পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আম জনতার দল এবং জনতার দল।
ইসি সূত্র জানায়, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর ২০২৫ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার কথা ছিল। তবে দিনটি সরকারি ছুটি হওয়ায় সময়সীমা বাড়িয়ে ২ আগস্ট (রোববার) পর্যন্ত নির্ধারণ করা হয়।
নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত ৫৯টি দলের মধ্যে ৩৮টি দল তাদের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে।
অন্যদিকে, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টিসহ ১৩টি রাজনৈতিক দল নির্ধারিত সময়ের মধ্যে হিসাব প্রস্তুত করতে না পারায় সময় বৃদ্ধির আবেদন করেছে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আম জনতার দলসহ আটটি রাজনৈতিক দল এখনো কোনো আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি।





