ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রথম দিনের সংলাপে ১৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে কমিশন। তবে প্রথম দিনের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও খেলাফত আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেননি। দলগুলো পরবর্তী সময়ে সংলাপে অংশ নেওয়ার আগ্রহ জানিয়েছে।
নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার জানান, প্রথম দিনের সংলাপে জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরামের প্রতিনিধিরা আলোচনায় অংশ নিচ্ছেন।
আরও পড়ুন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি
তিন দিনব্যাপী এই সংলাপের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর। ওইদিন বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন।
সংলাপের শেষ পর্ব অনুষ্ঠিত হবে ১ ডিসেম্বর। এদিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ আরও ১৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে কমিশন।
আরও পড়ুন: কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এ কারণে দলটিকে সংলাপে আমন্ত্রণ জানায়নি নির্বাচন কমিশন। একইভাবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরীকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও আমন্ত্রণ জানানো হয়নি।
এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন। ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২১ জানুয়ারি প্রথম ধাপে ১ হাজার ৪২টি, ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, ২৯ এপ্রিল তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, ১৩ মে চতুর্থ ধাপে ৮১৩টি এবং ২৭ মে পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই ধারাবাহিক সংলাপের মধ্য দিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দলগুলোর মতামত ও অবস্থান জানার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এখন পরবর্তী দুই দিনের সংলাপে অংশ নেওয়া দলগুলোর বক্তব্য ও মতামতের দিকে নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।





