আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা নেই, সেনা মোতায়েনের পরিকল্পনাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজার উন্নয়নবিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরে নয়াপল্টনে বিএনপির সমাবেশ
সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ মুহূর্তে সরকারের এমন কোনো পরিকল্পনা নেই। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকার শঙ্কিত নয়।
ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক অবস্থানে থাকে এবং প্রয়োজনীয় স্থানে দায়িত্ব পালন করে। এটি তাদের নিয়মিত কার্যক্রমেরই অংশ।
আরও পড়ুন: নাশকতা ঠেকাতে সর্বাত্মক প্রস্তুতি
এ সময় শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নওডোবা এলাকায় সংঘটিত সংঘর্ষের বিষয়েও কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ জানান, ফজরের নামাজের পর ওই এলাকায় একটি ঘটনা ঘটেছে। একদল লোক পদ্মা সেতুতে গিয়ে ব্যারিকেড তৈরির চেষ্টা করেছিল। তবে তাদের নিজেদের মধ্যে বিরোধ থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় দুজনের প্রাণহানির খবরও পাওয়া গেছে।
ঘটনাটির বিস্তারিত তদন্ত এখনো সম্পন্ন হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।





