অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন
হলিউডের কিংবদন্তি ও অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন আর নেই। বিবিসির প্রতিবেদনে জানা যায়, শনিবার (১১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। ডায়ান কিটনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বন্ধু ও প্রযোজক ডরি রাথ।
১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জন্ম নেন ডায়ান কিটন। ১৯৭০-এর দশকে তিনি খ্যাতি পান বিখ্যাত চলচ্চিত্র ‘দ্য গডফাদার’-এ কেই অ্যাডামস-কোরলিওনে চরিত্রে অভিনয়ের মাধ্যমে। তবে তার অভিনয়জীবনের মোড় ঘুরে যায় ১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত উডি অ্যালেন পরিচালিত ‘অ্যানি হল’ চলচ্চিত্রের মাধ্যমে। এই সিনেমার জন্যই তিনি অর্জন করেন অস্কার, গোল্ডেন গ্লোব, এবং বাফটা অ্যাওয়ার্ড।
আরও পড়ুন: দীঘির সঙ্গে প্রথমবারের মত মোশাররফ করিম ও শিমু
এরপর তিনি একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন — ‘ফাদার অব দ্য ব্রাইড’, ‘ফার্স্ট ওয়াইভস ক্লাব’, ‘দ্য ফ্যামিলি স্টোন’, ‘মারভিন’স রুম’, ‘সামথিংস গটা গিভ’— প্রতিটি চলচ্চিত্রেই নিজের অভিনয়গুণে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি ডায়ান কিটন ছিলেন একজন সফল পরিচালকও। তার প্রথম পরিচালনা ‘হেভেন’ (১৯৮৭) ছিল পরলোকবিশ্বাস নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি। এরপর ‘আনস্ট্রাং হিরোজ’ (১৯৯৫) পরিচালনা করে তিনি প্রশংসা কুড়ান; ছবিটি কান চলচ্চিত্র উৎসবের Un Certain Regard বিভাগে মনোনীত হয়।
আরও পড়ুন: আইসিইউতে চিকিৎসাধীন অভিনেতা মামুনুর রশীদ
২০০০ সালে তিনি ‘হ্যাংগিং আপ’ নামে একটি কমেডি-ড্রামা চলচ্চিত্র পরিচালনা করেন, যেখানে সহ-অভিনেত্রী হিসেবে ছিলেন মেগ রায়ান ও লিসা কুড্রো। ডায়ান কিটনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো হলিউডে।
অভিনেত্রী বেট মিডলার, যিনি কিটনের সঙ্গে ফার্স্ট ওয়াইভস ক্লাব-এ অভিনয় করেছিলেন, ইনস্টাগ্রামে লেখেন, অসাধারণ, মেধাবী ও অনন্য ডায়ান কিটন আর নেই। তাঁর চলে যাওয়া আমাদের জন্য এক গভীর শোক। তিনি ছিলেন নিঃস্বার্থ, হাস্যরসিক এবং সম্পূর্ণ মৌলিক।
অভিনেতা বেন স্টিলার এক্স (টুইটার) এ লিখেছেন,ডায়ান কিটন ছিলেন এক অনন্য প্রতিভা হাস্যরস, স্টাইল ও অভিনয়ে এক অবিস্মরণীয় কিংবদন্তি।
কিটনের সর্বশেষ চলচ্চিত্র ছিল ‘সামার ক্যাম্প’ (২০২৪), যেখানে তার সহ-অভিনেতা ছিলেন ইউজিন লেভি ও ক্যাথি বেটস। প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে ডায়ান কিটন ছিলেন হলিউডের অন্যতম প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী অভিনেত্রী। তার স্মরণীয় সংলাপ, ব্যতিক্রমী স্টাইল ও জীবন্ত অভিনয়চরিত্র আজও দর্শকের হৃদয়ে বেঁচে থাকবে।





