ফের আইনি জটিলতায় পড়েছেন নোরা ফাতেহি
বলিউডের জনপ্রিয় ‘আইটেম গার্ল’ খ্যাত অভিনেত্রী নোরা ফাতেহি নতুন করে আইনি জটিলতায় পড়েছেন। সঞ্জয় দত্ত অভিনীত ‘কেডি: দ্য ডেভিল’ ছবির ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি মুক্তির পরই এর কথা ও নৃত্যভঙ্গি নিয়ে শুরু হয় ব্যাপক বিতর্ক। সমালোচনার মুখে ভারতে গানটি নিষিদ্ধ করা হয়েছে বলে জানা গেছে।
গানটি নিয়ে তুমুল সমালোচনার পর প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন নোরা। তিনি জানান, প্রায় তিন বছর আগে কন্নড় ভাষায় গানটির শুটিং হয়েছিল এবং তখন এর বিষয়বস্তু নিয়ে আপত্তির কিছু দেখেননি। তবে হিন্দি সংস্করণ প্রকাশের পর গানের কিছু অংশ তার কাছেও অস্বস্তিকর মনে হয়েছে।
আরও পড়ুন: ‘আমি শুধু একজন শিল্পী’—ভাইরাল ভিডিও ও বিতর্ক নিয়ে মুখ খুললেন ভাবনা
নোরা আরও অভিযোগ করেন, গানের বিষয়ে আপত্তি জানালেও নির্মাতারা তা গুরুত্ব দেননি। নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “আমি কোনো তারকাসন্তান নই, নিজের পরিশ্রম আর সম্মানই আমার একমাত্র পুঁজি।”
তবে ক্ষমা চাইলেও বিতর্ক থামেনি। ভারতের ১০ জন আইনজীবীর একটি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নোরার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে। তাদের দাবি, নোরা বারবার এমন কনটেন্টে অংশ নিচ্ছেন যা অশালীন ও সমাজের মূল্যবোধের পরিপন্থী।
আরও পড়ুন: মেহজাবীনের নাচ-কনকচাঁপার, গানসহ যেভাবে সেজেছে ‘আনন্দমেলা’
অভিযোগে আরও বলা হয়, এ ধরনের উপস্থাপনা নারীর মর্যাদাকে ক্ষুণ্ণ করে এবং তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। আইনজীবীরা ‘ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬’-এর উল্লেখ করে জানিয়েছেন, কোনো বিদেশি নাগরিক দেশের শালীনতা বা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।
এ প্রেক্ষিতে নোরা ফাতেহির ভারতে কাজের অনুমতি বা ‘ওয়ার্ক পারমিট’ বাতিলের দাবি জানানো হয়েছে। বিষয়টি নিয়ে এখনো সরকারি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।





