দ্বিতীয়বার মা সোনম কাপুর, পুত্রসন্তান জন্মে আনন্দে কাপুর পরিবার
বলিউড অভিনেত্রী সোনম কাপুরের পরিবারে এসেছে নতুন অতিথি। দ্বিতীয়বারের মতো পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। গত ২৯ মার্চ স্বামী আনন্দ আহুজার সঙ্গে তাদের দ্বিতীয় সন্তানের জন্ম হয়।
সুখবরটি নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন সোনম। এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, “অসীম ভালোবাসা আর কৃতজ্ঞতা, আমরা আমাদের দ্বিতীয় পুত্রসন্তানের আগমনের খবর জানাচ্ছি। ২৯ মার্চ আমাদের পরিবার পূর্ণতা পেল। আমাদের বড় ছেলে বায়ু তার ছোট ভাইকে পেয়ে অত্যন্ত আনন্দিত। চার সদস্যের পরিবার হিসেবে জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে আমরা ধন্য।”
আরও পড়ুন: ‘আন্ধার’-এর প্রথম ঝলকেই চমক, নাজিফা তুষির লুকে বাড়ল কৌতূহল
পোস্টের সঙ্গে সোনম একটি কার্ডের ছবিও শেয়ার করেন, যেখানে সোনম, আনন্দ ও তাদের প্রথম সন্তান বায়ুর নাম উল্লেখ ছিল।
এই সুখবর জানার পর থেকেই বলিউডের তারকাদের শুভেচ্ছায় ভাসছেন এই দম্পতি। কারিনা কাপুর খান, রিয়া কাপুর, হুমা কুরেশি, কাজল আগরওয়াল, দিয়া মির্জা, অনুরাগ কশ্যপ ও বাণী কাপুরসহ অনেকেই অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুন: আমির খানকে হত্যার হুমকি, তদন্তে মুম্বাই পুলিশ
এর আগে ২০২৫ সালের নভেম্বরে দ্বিতীয়বার মা হতে যাওয়ার খবর দেন সোনম। তখন সামাজিক মাধ্যমে বেবি বাম্পের ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন তিনি।
উল্লেখ্য, ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনম কাপুর। ২০২২ সালের ২০ আগস্ট জন্ম নেয় তাদের প্রথম সন্তান বায়ু। প্রায় চার বছর পর দ্বিতীয় সন্তানের আগমনে আনন্দে ভাসছে কাপুর ও আহুজা পরিবার।





