‘আন্ধার’-এর প্রথম ঝলকেই চমক, নাজিফা তুষির লুকে বাড়ল কৌতূহল
বাংলাদেশের চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফীর সিনেমা ‘আন্ধার’। সিনেমাটি নিয়ে আগে থেকেই দর্শকের আগ্রহ থাকলেও এবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মনিটর স্ক্রিনের ছবি প্রকাশ করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন নির্মাতা।
এর আগে এক পোস্টে রায়হান রাফী মজার ছলে লিখেছিলেন, ‘আপনারা অফিশিয়াল প্রমোশন করেন। আমি কাল থেকে অফিশিয়ালি আনঅফিশিয়াল ফার্স্ট লিক দেওয়া শুরু করছি।’ সেই ঘোষণার পরই তিনি শুটিং চলাকালে মনিটর থেকে নেওয়া একটি স্ক্রিনশট প্রকাশ করেন, যেখানে দেখা যায় অভিনেত্রী নাজিফা তুষিকে। ছবিটির ক্যাপশনে রাফী লিখেছেন, ‘আন্ধার ফার্স্ট লিক! শুটিংয়ের সময় মনিটর থেকে নেওয়া একটা স্ক্রিনশট। কোনো অফিশিয়াল স্টিল নয়, কোনো পোস্টারও নয়। জাস্ট একটা মুহূর্ত।’
আরও পড়ুন: আমির খানকে হত্যার হুমকি, তদন্তে মুম্বাই পুলিশ
প্রকাশিত সেই ফ্রেমে নাজিফা তুষির উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। কসমিক থ্রিলার ও ভৌতিক আবহে নির্মিত সিনেমাটিতে তার চরিত্র কেমন হবে, তা নিয়েও চলছে আলোচনা।
আরও পড়ুন: জুনিয়র এনটিআরকে নিয়ে ভক্তদের জন্য দুঃসংবাদ!
নাজিফা তুষির অভিনয়ের প্রশংসা করে রাফী আরও লিখেছেন, ‘এই এক ফ্রেমই স্পষ্ট বলে দিচ্ছে নাজিফা তুষিকে ‘আন্ধার’-এ কতটা অসাধারণ লাগছে। নাজিফা তুষিকে আগে অনেক চরিত্রে দেখেছেন। ‘আন্ধার’-এ দেখবেন তার সবচেয়ে মোহময় উপস্থিতি।’
সিনেমাটির গল্প নির্মিত হয়েছে দীর্ঘদিন ধরে ভূত ও রহস্য নিয়ে গবেষণা এবং জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘ভৌতিস্ট’ পরিচালনার অভিজ্ঞতার আলোকে। মূল গল্প লিখেছেন শাকিব চৌধুরী ও বেজবাবা সুমন। পরে গল্পের চিত্রনাট্যের কাজে যুক্ত হয়েছেন আদনান আদিব খান।
‘আন্ধার’ সিনেমায় অভিনয় করছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার এবং তানজিকা আমিন। পাশাপাশি এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে দুই নতুন মুখ—ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির।
ভৌতিক ও রহস্যঘন গল্পের সঙ্গে তারকাবহুল অভিনয়শিল্পীদের সমন্বয়ে নির্মিত ‘আন্ধার’ মুক্তির আগেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে জায়গা করে নিয়েছে।





