‘মিনার-এ-দিল্লি’ সম্মাননায় ভূষিত হচ্ছেন রুনা লায়লা

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:৪০ পূর্বাহ্ন, ১২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের সংগীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র রুনা লায়লা তার সুমধুর কণ্ঠের মাধ্যমে বহু দশক ধরে উপমহাদেশজুড়ে শ্রোতাদের মুগ্ধ করে আসছেন। সেই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবার তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশেষ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন।

আগামী ৪ থেকে ৮ মে অনুষ্ঠিতব্য ১৫তম ‘দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ (Delhi International Film Festival) তার হাতে তুলে দেওয়া হবে মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা। ভারতের চলচ্চিত্র ও সম্প্রচার মন্ত্রণালয়ের অঙ্গ সংস্থার আয়োজনে এই উৎসবটি প্রতি বছরই আন্তর্জাতিক পরিসরে ব্যাপক সাড়া ফেলে, আর এবারের আয়োজনটি ১৫ বছরে পদার্পণ করায় তা ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

আরও পড়ুন: দুর্ঘটনার পর এখন কেমন আছে নুসরত ভরুচা?

এই সম্মাননা প্রাপ্তির খবরে উচ্ছ্বাস প্রকাশ করে রুনা লায়লা সামাজিক মাধ্যমে বলেন, মর্যাদাপূর্ণ এই সম্মাননায় ভূষিত করার নিমন্ত্রণ পাওয়ায় তিনি কৃতজ্ঞ এবং উৎসবে অংশগ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পরচা এক আনুষ্ঠানিক চিঠিতে রুনা লায়লার প্রশংসা করে উল্লেখ করেন, তার কণ্ঠস্বর ভারত ও বাংলাদেশের কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে এবং দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। তার এই সম্মাননা গ্রহণ দুই দেশের সাংস্কৃতিক সৌহার্দ্যকে আরও এগিয়ে নেবে বলেও আশা প্রকাশ করা হয়।

আরও পড়ুন: কেনো ভায়োলেন্স ছেড়ে দিলেন অধরা খান ?

এবারের উৎসবটি অনুষ্ঠিত হবে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ড. আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে। আয়োজকদের মতে, এবারের আসরের মূল লক্ষ্য নারী ক্ষমতায়ন, সামাজিক ইস্যুভিত্তিক ও শিশুবিষয়ক চলচ্চিত্রকে উৎসাহ দেওয়া, পাশাপাশি নারী নির্মাতাদের এগিয়ে আসতে অনুপ্রাণিত করা।

রুনা লায়লার পাশাপাশি এই আয়োজনে অংশ নেবেন উপমহাদেশের আরও অনেক খ্যাতিমান তারকা। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত, রেভতী, শ্বেতা মেনন, ঊষা উত্থুপ, রাজপাল যাদব এবং রঘুবীর যাদব।