তামিলনাড়ু নির্বাচনে চমক: স্ট্যালিনকে পিছনে ফেলে এগিয়ে থালাপতি বিজয়ের টিভিকে

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ন, ০৪ মে ২০২৬ | আপডেট: ১:৩৮ অপরাহ্ন, ০৪ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় ধরনের চমক দেখিয়েছেন দক্ষিণী চলচ্চিত্র তারকা থালাপতি বিজয়। সর্বশেষ ফলাফলে দেখা যাচ্ছে, তার নেতৃত্বাধীন ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে) এককভাবে শীর্ষ অবস্থানে উঠে এসেছে, পিছিয়ে পড়েছে ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের দল ‘দ্রাভিড়া মুনেত্রা কাজাগাম’ (ডিএমকে) জোট।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, ২৩৪টি আসনের মধ্যে এখন পর্যন্ত টিভিকে ৮৭টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে এআইএডিএমকে জোট ৭৫টি আসনে এগিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ক্ষমতাসীন ডিএমকে, যারা বর্তমানে মাত্র ৫৪টি আসনে এগিয়ে।

আরও পড়ুন: রণবীর সিংকে ঘিরে ভাইরাল চাঞ্চল্যকর দাবি

উল্লেখ্য, তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। সেই হিসেবে এখনও কোনো দল এককভাবে সরকার গঠনের কাছাকাছি পৌঁছাতে পারেনি, তবে বিজয়ের দল স্পষ্টভাবেই শক্ত অবস্থান তৈরি করেছে। গত নির্বাচনে ডিএমকে ১৩৭টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছিল। কিন্তু এবার তাদের এই বড় ধরনের পিছিয়ে পড়া রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মোড় এনে দিয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেন থালাপতি বিজয়। তিনি এটিকে ব্যক্তিগত আগ্রহ নয়, বরং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার একটি ‘মিশন’ হিসেবে উল্লেখ করেছিলেন। অভিনয়জগতে বিপুল জনপ্রিয়তাকে পুঁজি করে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই তিনি রাজ্যের প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলোর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছেন।

আরও পড়ুন: রহস্য আর হাস্যরসে আসছে নাটক ‘ডিটেকটিভ ডাব্লিউ’

বিশ্লেষকদের মতে, চূড়ান্ত ফলাফল নির্ধারণে জোট রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং শেষ পর্যন্ত কে সরকার গঠন করবে, তা নির্ভর করবে নির্বাচনী ফলাফলের পূর্ণাঙ্গ চিত্রের ওপর।