ব্রাজিল সমর্থক বুবলীর মুখেও মেসি বন্দনা, হ্যাটট্রিক দেখে প্রশ্ন

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ন, ১৭ জুন ২০২৬ | আপডেট: ১:৪৪ অপরাহ্ন, ১৭ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত
ফিফা বিশ্বকাপে ২০২৬ নিজেদের উদ্বোধনী ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তার হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

মেসির এই অসাধারণ নৈপুণ্যে মুগ্ধ হয়েছেন বিশ্বের কোটি কোটি ফুটবলভক্ত। মাঠের উত্তেজনা ও উন্মাদনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও প্রকাশ করছেন নিজেদের প্রতিক্রিয়া।

এবার মেসির প্রশংসায় মুখর হয়েছেন ঢালিউড অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী। ব্যক্তিগত জীবনে তিনি ব্রাজিল জাতীয় ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত। তবে চিরপ্রতিদ্বন্দ্বী দলের খেলোয়াড় হয়েও মেসির পারফরম্যান্সে মুগ্ধতা লুকিয়ে রাখতে পারেননি এই অভিনেত্রী।

আর্জেন্টিনার দুর্দান্ত জয়ের পর নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেন বুবলী। সেখানে তিনি লিখেছেন, ‘এই লোকটা (মেসি) এত ভালো খেলে কেন? লিওনেল মেসি সত্যিকারের জাদুকর, হ্যাটট্রিক।’

বুবলীর এই পোস্ট দ্রুতই ভক্ত ও নেটিজেনদের নজর কাড়ে। অনেকেই মন্তব্য করে বলেন, ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মেসির প্রতিভা অস্বীকার করার সুযোগ নেই। ব্রাজিল সমর্থক বুবলীর এমন অকপট প্রশংসাও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্বকাপের শুরুতেই মেসির জাদুকরী পারফরম্যান্স এবং তার প্রশংসায় বুবলীর পোস্ট—দুই মিলিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।