বরবাদ’-এর পর আবারও ফিরছে সেই সফল জুটি!
‘বরবাদ’ সিনেমার বাণিজ্যিক সাফল্যের পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান এবং নির্মাতা মেহেদী হাসান হৃদয়। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তাদের নতুন সিনেমার সম্ভাব্য নাম ‘নিঃস্ব’।
যদিও সিনেমাটির বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে নতুন প্রকল্পে শাকিব খানের উপস্থিতি প্রায় নিশ্চিত বলে জানা গেছে। তবে তার বিপরীতে কে নায়িকা হিসেবে অভিনয় করবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
আরও পড়ুন: যে অভ্যাস এখনো বদলাতে পারেননি জয়া আহসান, জানালেন নিজেই
সম্প্রতি শাকিব খান নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজক শাহরিন সুলতানা সুমির সঙ্গে একটি ছবি প্রকাশ করেন। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, “‘বরবাদ’ টিম আবার ফিরছে। আবারও ইতিহাস তৈরি করা যাক।” এই পোস্টের পর থেকেই নতুন সিনেমা নিয়ে দর্শক ও ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।
সূত্রের দাবি, ‘বরবাদ’-এর মতো নতুন সিনেমাটিও প্রযোজনা করবে রিয়েল এনার্জি প্রোডাকশন। এর আগে প্রতিষ্ঠানটির কর্ণধার শাহরিন সুলতানা সুমি জানিয়েছিলেন, খুব শিগগিরই নতুন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এরপরই শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: খোলামেলা লুকে নেটদুনিয়ায় ঝড় তুললেন নিদ্রা দে
এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, সিনেমাটি ২০২৭ সালের ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মাণের পরিকল্পনা চলছে। যদিও মুক্তির তারিখ বা অন্যান্য বিষয় নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
উল্লেখ্য, গত বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ ছিল ঢালিউডের অন্যতম আলোচিত সিনেমা। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নির্মিত ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। নির্মাতাদের দাবি, ছবিটি দেশ-বিদেশ মিলিয়ে ৭৫ কোটির বেশি টাকার বক্স অফিস আয় করে, যা সাম্প্রতিক সময়ের বাংলা চলচ্চিত্রে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হয়।
এখন দর্শকদের নজর ‘নিঃস্ব’ নামের সম্ভাব্য এই নতুন সিনেমার দিকে। বিশেষ করে ‘বরবাদ’-এর সফল জুটি নতুন গল্পে কী চমক নিয়ে আসছে, সেটিই জানতে অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমীরা। তবে সিনেমাটির নাম, কাস্ট এবং মুক্তির সময়সূচি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এসব তথ্যকে প্রাথমিক তথ্য হিসেবেই বিবেচনা করা হচ্ছে।





