‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬ | আপডেট: ২:৫৭ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং ‘গজনি’ সিনেমার খলচরিত্রে অভিনয়ের জন্য উপমহাদেশজুড়ে পরিচিত প্রদীপ রাওয়াত আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

অভিনেতার মৃত্যুর খবর ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ব্যবস্থাপক সিদ্ধার্থ তিওয়ারি। তিনি জানান, প্রদীপ রাওয়াত দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। কিছুদিন আগে রোগটি পুনরায় ধরা পড়ে এবং এক মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

আরও পড়ুন: ডিপফেক কন্টেন্ট নিয়ে কড়া হুঁশিয়ারি মৃণাল ঠাকুরের, আইনি ব্যবস্থার ঘোষণা

তার মৃত্যুর খবরে ভারতের চলচ্চিত্র অঙ্গনের অনেক অভিনয়শিল্পী ও সহকর্মী শোক প্রকাশ করেছেন।

১৯৫২ সালের ২১ জানুয়ারি ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে জন্মগ্রহণ করেন প্রদীপ রাওয়াত। অভিনয়জীবনের শুরু টেলিভিশনের মাধ্যমে। বি. আর. চোপড়ার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাভারত’-এ অশ্বত্থামা চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের নজরে আসেন।

আরও পড়ুন: কারাজীবন কেমন ছিল জানালেন সালমান খান

১৯৮৫ সালে ‘অ্যায়তবার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। নব্বইয়ের দশকে ‘অগ্নিপথ’, ‘কয়লা’, ‘সরফরোশ’ এবং ‘মেজর সাব’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন।

তবে ২০০১ সালের ‘লগান’ চলচ্চিত্রে দেবা সিং সোধি চরিত্র এবং ২০০৮ সালে আমির খান অভিনীত ‘গজনি’ সিনেমায় নির্মম খলনায়ক ‘গজনি ধর্মাত্মা’ চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এর আগে ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ভাষার ‘গজনি’ চলচ্চিত্রেও একই চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

চার দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে হিন্দি, তেলেগু, তামিল, নেপালিসহ বিভিন্ন ভাষার শতাধিক চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন প্রদীপ রাওয়াত। শক্তিশালী পর্দা উপস্থিতি, গভীর কণ্ঠস্বর এবং খলচরিত্রে অভিনয়ের জন্য তিনি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম স্মরণীয় অভিনেতা হিসেবে পরিচিতি পান।

বলিউডে সর্বশেষ তাকে দেখা যায় গত বছরের ‘ছাবা’ চলচ্চিত্রে।

অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি ফিল্মফেয়ার (তেলুগু) সেরা খলঅভিনেতা পুরস্কার এবং নন্দী পুরস্কার অর্জন করেন।