জানা গেল সালমান খানের ভাইরাল ভিডিওর আসল রহস্য

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ২:৩৮ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে একটি সরকারি অনুষ্ঠানে বলিউড তারকা সালমান খানের উপস্থিতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে তাকে আগের তুলনায় অনেকটাই রোগা ও কিছুটা ক্লান্ত দেখায়। এরপর থেকেই তার স্বাস্থ্য নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় নানা আলোচনা ও জল্পনা। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজেই শারীরিক পরিবর্তনের কারণ জানিয়েছেন বলিউডের ‘ভাইজান’। সালমান খান বলেন, অসুস্থতার কারণে নয়, নতুন একটি সিনেমার চরিত্রের প্রয়োজনে তিনি ১৬ কেজি ওজন কমিয়েছেন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে ভাই সোহেল খানকে সমর্থন জানাতে গিয়ে তিনি বলেন, “আমি ১৬ কেজি ওজন কমিয়েছি।”

আরও পড়ুন: ‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

অভিনেতা জানান, এই পরিবর্তনের পেছনে রয়েছে কঠোর খাদ্যাভ্যাস এবং নিয়মিত শরীরচর্চা। রসিকতা করে তিনি বলেন, “আমার তো প্রতিদিনই ছুটির দিনের খাবার।” তবে বাস্তবে তার খাদ্যতালিকা অত্যন্ত নিয়ন্ত্রিত।

সালমানের ভাষ্য অনুযায়ী, তিনি দিনে মাত্র এক টেবিলচামচ ভাত খান। তার খাদ্যতালিকায় মূলত প্রোটিনসমৃদ্ধ খাবারই থাকে। পাশাপাশি সকাল ও সন্ধ্যায় নিয়মিত কঠোর ব্যায়াম করেন।

আরও পড়ুন: ডিপফেক কন্টেন্ট নিয়ে কড়া হুঁশিয়ারি মৃণাল ঠাকুরের, আইনি ব্যবস্থার ঘোষণা

৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার ৬০ বছর বয়সী এই অভিনেতার বর্তমান ওজন প্রায় ৭৫ কেজি। নতুন চরিত্রের জন্য শরীরকে নির্দিষ্টভাবে গড়ে তুলতেই তিনি এই প্রস্তুতি নিয়েছেন বলে জানান।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, শিগগিরই দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারার সঙ্গে একটি নতুন সিনেমায় অভিনয় করবেন সালমান খান। ধারণা করা হচ্ছে, সেই চলচ্চিত্রের চরিত্রের প্রয়োজনেই তিনি এই শারীরিক পরিবর্তন এনেছেন। তবে সিনেমাটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।