‘আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভাবো’: স্পর্শিয়া
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। জীবনের নানা মুহূর্ত ও ভাবনা নিয়মিতই অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই অভিনেত্রী সেখান থেকেও নিজের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন স্পর্শিয়া। ছবিতে দেখা যায়, সোফায় বসে আছেন তিনি। পরনে লাল টপ ও বাদামি প্যান্ট, মুখে চিরচেনা মিষ্টি হাসি।
ছবিটির সঙ্গে নিজের জীবনদর্শনের একটি কথাও শেয়ার করেছেন ‘কাঠবিড়ালী’খ্যাত এই অভিনেত্রী। তিনি লিখেছেন, “তারা বলে, ‘ঝাঁপ দেওয়ার আগে দু’বার ভাবো।’ আমি বলি, আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো।”
আরও পড়ুন: মহিলাদের পিংক বাস নিয়ে যা বললেন সাদিয়া আয়মান
স্পর্শিয়ার এই বক্তব্য প্রচলিত ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’ প্রবাদটির চেয়ে কিছুটা ভিন্ন। তার পোস্টে জীবনের অনিশ্চয়তা ও রোমাঞ্চকে সাহসের সঙ্গে গ্রহণ করার মানসিকতারই যেন প্রকাশ ঘটেছে।
স্পর্শিয়ার পরিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকেন। ফলে বছরের বড় একটি সময় সেখানেই কাটান তিনি। সম্প্রতি নিউ ইয়র্কের একটি আইম্যাক্স হলে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ সিনেমা দেখেছেন তিনি। পরে নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে গিয়ে মার্থা গ্রাহামের একটি প্রদর্শনীও দেখেছেন।
আরও পড়ুন: আদি ঢাকার সাংস্কৃতিক পুনর্জাগরণের প্রত্যাশায় শুরু ‘ঢাকা নাট্যোৎসব’
ভ্রমণ, সিনেমা ও শিল্পের নানা অভিজ্ঞতার মধ্য দিয়েই বর্তমানে প্রবাসজীবনের সময় কাটছে অভিনেত্রীর।
এদিকে অভিনয়েও ব্যস্ত রয়েছেন স্পর্শিয়া। বর্তমানে তাকে দেখা যাচ্ছে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ। নাটকটিতে তার সঙ্গে অভিনয় করছেন তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, শামীম হাসান সরকারসহ আরও অনেকে।





