মালয়ালম সিনেমা ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’-এর ২৩১ কোটি রুপি হিট
বক্স অফিসে বক্স-অফিস কাঁপিয়ে এবার আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ছে মালয়ালম ইন্ডাস্ট্রির সাম্প্রতিক ব্লকবাস্টার সিনেমা ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’। কেরালা ও বিশ্ববাজারে অভাবনীয় সাফল্যের পর আজ ৪ সেপ্টেম্বর থেকে তামিলনাড়ুর ২০০টিরও বেশি প্রেক্ষাগৃহ এবং তেলুগু ভাষাভাষী রাজ্যগুলোতে বাণিজ্যিকভাবে মুক্তি পেয়েছে নিভিন পাওলি ও মামিথা বাইজু অভিনীত এই সিনেমাটি।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, গত ২১ আগস্ট মালয়ালম ভাষায় মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে ছবিটি। বাণিজ্যিক সাফল্যের বিচারে ছবিটি ইতিমধ্যেই বিশ্বব্যাপী ২৩১ কোটি ২৫ লাখ রুপির বেশি ব্যবসা করে নতুন মাইলফলক স্পর্শ করেছে।
আরও পড়ুন: হংকংয়ের রাজপথে মেহজাবীন-রাজীব
এর মধ্যে ভারতের বাজার থেকে এসেছে প্রায় ১১৯ কোটি ২৫ লাখ রুপি। ভারতের নেট আয় প্রায় ১০২ কোটি ১৫ লাখ রুপি। বিদেশের বাজার থেকেও সিনেমাটি আয় করেছে প্রায় ১১২ কোটি রুপি।
দ্বিতীয় সপ্তাহেও ছবিটির আয় ধরে রেখেছে গতি। ভারতের নেট আয় ১০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে বলে বক্স অফিসের সাম্প্রতিক হিসাবেও উঠে এসেছে।
আরও পড়ুন: বর্ণিতার ভেতর বড় সম্ভাবনার আলো দেখছেন তৌসিফ মাহবুব
‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’ মূলত একটি রোমান্টিক কমেডি সিনেমা। গল্পের কেন্দ্রে রয়েছে অ্যাশলি নামের এক কলেজছাত্রী। পরিবারের সঙ্গে নতুন একটি এলাকায় এসে ওঠে সে।
সেখানেই তার পরিচয় হয় প্রতিবেশী জাস্টিনের সঙ্গে। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। সেই সম্পর্ক একসময় অন্যরকম অনুভূতির দিকে এগিয়ে যায়।
গল্পে বয়সের পার্থক্যও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে। তবে প্রেমের পাশাপাশি পরিবার, প্রতিবেশী ও দৈনন্দিন জীবনের নানা ঘটনা সিনেমাটিকে দিয়েছে আলাদা আবহ।
অ্যাশলি চরিত্রে অভিনয় করেছেন মামিথা বাইজু। জাস্টিনের চরিত্রে দেখা গেছে নিভিন পাওলিকে।
সিনেমাটি পরিচালনা করেছেন গিরিশ এডি। এর আগে ‘থান্নির মাথান দিনাঙ্গাল’, ‘সুপার শারন্যা’ ও ‘প্রেমালু’ সিনেমা পরিচালনা করে পরিচিতি পান তিনি।
নিভিন ও মামিথা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন সংগীত প্রতাপ, বিনয় ফোর্ট, সুরেশ কৃষ্ণ, বিন্দু পানিকর, শ্রিন্দাসহ আরো অনেকে।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গিরিশ এডি ও কিরণ জোসে। প্রযোজনায় রয়েছেন ফাহাদ ফাসিল, দিলীশ পোথান ও শ্যাম পুষ্করন। ভাবনা স্টুডিওজের ব্যানারে নির্মিত হয়েছে ছবিটি।
মালয়ালম সিনেমার জন্য নিজের রাজ্যের বাইরে দর্শক তৈরি করা বরাবরই বড় চ্যালেঞ্জ। সেই জায়গা থেকেই ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’-এর তামিল ও তেলুগু মুক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কেরালায় ২৩১ কোটি রুপির বেশি ব্যবসা করা সিনেমাটি এবার তামিলনাড়ু ও তেলুগু বাজারে কতটা সাড়া ফেলতে পারে, সেটিই দেখার বিষয়। ২০০টির বেশি প্রেক্ষাগৃহে তামিল মুক্তির মাধ্যমে সিনেমাটি যে বড় পরিসরে এগোতে চাইছে, তা স্পষ্ট।





