‘লেগো বিমান’ মন্তব্যে বিপাকে নোরা ফাতেহি, ৩০ মিলিয়ন রুপির মামলা

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:১৬ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আবারও বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। এবার একটি চার্টার্ড বিমানকে ‘লেগো বিমান’ বা খেলনা বিমানের সঙ্গে তুলনা করায় তার বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছে ডিউন এভিয়েশন। প্রতিষ্ঠানটির দাবি, নোরার ওই মন্তব্যের কারণে তাদের ব্যবসায়িক ক্ষতি হয়েছে। এ অভিযোগে তার বিরুদ্ধে ৩০ মিলিয়ন রুপি বা প্রায় ১ কোটি ১০ লাখ দিরহাম সমমূল্যের ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

এপ্রিল মাসে গান্ধীনগরের একটি আদালতে মামলাটি করা হয়। আগামী ২৫ সেপ্টেম্বর মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে ৬ ব্যান্ডের মিউজিক উৎসব

ঘটনাটি গত বছরের ডিসেম্বরের বলে জানা গেছে। ‘ইকোনমিক টাইমস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় ডিউন এভিয়েশনের একটি সেসনা সাইটেশন সিজে-২ উড়োজাহাজে ভ্রমণ করেন নোরা। যাত্রাপথে তিনি বিমানের ভিডিও ধারণ করেন। পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে ইনস্টাগ্রামে, সেই ভিডিও প্রকাশ করেন। সেখানে ৪ কোটি ৭০ লাখের বেশি অনুসারী থাকা নোরা বিমানটিকে ‘লেগো বিমান’ বা ‘খেলনা বিমান’-এর মতো বলে মন্তব্য করেন।

নোরার এই মন্তব্যকে ‘বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন’ বলে দাবি করেছে ডিউন এভিয়েশন। প্রতিষ্ঠানের অভিযোগ, কোনো ধরনের কারিগরি জ্ঞান, যাচাই বা বাস্তব তথ্যের ভিত্তি ছাড়াই ওই মন্তব্য করা হয়েছে। তাদের ভাষ্য, সেসনা সাইটেশন সিজে-২ বিমানটি সংশ্লিষ্ট শ্রেণির একটি প্রচলিত ও মানসম্মত উড়োজাহাজ।

আরও পড়ুন: এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম‍্যাটার করে না:বাঁধন প্রসঙ্গে পরীমনি

গানের কথায়ও বিতর্কে জড়িয়েছিলেন নোরা

এর আগে একটি কন্নড় গানের অশালীন কথাকে ঘিরেও সমালোচনার মুখে পড়েছিলেন নোরা ফাতেহি। ‘সারকে চুনার তেরি সারকে’গানটির কথার কারণে ক্ষুব্ধ হন অনেক ভক্ত। পরে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন নোরা। তিনি জানান, গানটি হিন্দি ভাষায় নয়, তাই এর কথার অর্থ তিনি পুরোপুরি বুঝতে পারেননি।

‘দিলবার’ (রিমিক্স), ‘মুভিং লাইক আ স্নেক’ (জেসন ডেরুলোর সঙ্গে) এবং ‘ও সাকি সাকি’-এর মতো গানের মাধ্যমে শোবিজে ব্যাপক পরিচিতি পেয়েছেন নোরা ফাতেহি। এবার ‘লেগো বিমান’ মন্তব্য ঘিরে দায়ের হওয়া মামলার কারণে ফের আলোচনায় উঠে এল তার নাম।