সীমান্তের গল্প নিয়ে সিনেমা ‘ডাঙগোয়াল’

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:৪০ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কাঁটাতার, চোরাচালান, ছিটমহল আর সীমান্তঘেঁষা মানুষের টিকে থাকার সংগ্রাম—এসব বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডাঙগোয়াল’। লালমনিরহাটের সাংস্কৃতিক কর্মী শাহীদুজ্জামান লাবলুর জীবনের সত্য ঘটনা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জ্যোতির্ময় রায়। সীমান্ত এলাকার মানুষের জীবন, তাদের নানা সংকট এবং বাস্তবতার টানাপোড়েনই উঠে এসেছে এই চলচ্চিত্রে।

সীমান্তবর্তী অঞ্চলে গরু, চোরাই পণ্য কিংবা মানুষ পারাপারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্থানীয়ভাবে ‘ডাঙগোয়াল’ নামে অভিহিত করা হয়। এই পরিচয়ের আড়ালে থাকা মানুষের জীবন ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্বকেই চলচ্চিত্রের গল্পে তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা।

আরও পড়ুন: আজ চিত্রনায়ক সালমান শাহর জন্মদিন

চলচ্চিত্রটির পটভূমি সম্পর্কে নির্মাতা জ্যোতির্ময় রায় বলেন, দীর্ঘদিন ধরেই ছিটমহল ও সীমান্ত এলাকার ঘটনাবলি নিয়ে কাজ করার পরিকল্পনা ছিল তার। লাবলুর একটি নাটক দেখার পর তার সঙ্গে পরিচয় হয়। পরে লাবলু নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতার কথা নির্মাতাকে জানান। সেই ঘটনা এবং তা নিয়ে নাটক লেখার সময় লাবলুর ভেতরে তৈরি হওয়া মানসিক টানাপোড়েন থেকেই ‘ডাঙগোয়াল’-এর গল্পের সূত্রপাত।

জ্যোতির্ময় রায়ের ভাষ্য অনুযায়ী, বাস্তব জীবনের সেই অভিজ্ঞতাকে চলচ্চিত্রের ভাষায় তুলে ধরার সময় সীমান্তবাসীর জীবনযাপন, সামাজিক বাস্তবতা এবং ব্যক্তিগত দ্বন্দ্বকে গুরুত্ব দেওয়া হয়েছে।‘ডাঙগোয়াল’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপক কুমার গোস্বামী, দিলরুবা দোয়েল, শাহানা সুমি, উজ্জ্বল মিয়া, বিধান রায় এবং ভাটিবাড়ি লোক নাট্যদলের সদস্যরা।

আরও পড়ুন: প্যারিসে হেমন্ত মুখোপাধ্যায়ের গানে মাতবেন প্রবাসীরা

নির্মাতা জানিয়েছেন, চলচ্চিত্রটি বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য প্রস্তুত করা হচ্ছে। উৎসব পর্ব শেষ হওয়ার পর ‘ডাঙগোয়াল’ ওটিটি প্ল্যাটফর্ম অথবা ইউটিউবে দর্শকদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।