১৯ দিনে হামের উপসর্গে ৯৪ শিশুর মৃত্যু, হাসপাতালে বাড়ছে আক্রান্তের চাপ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ন, ০৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:১৮ পূর্বাহ্ন, ০৪ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে হামের উপসর্গ নিয়ে গত ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে জনস্বাস্থ্য খাতে।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৯৪৭ শিশু। একই সময়ে মারা গেছে তিনজন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে ৪২ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৮৬

স্বাস্থ্য অধিদপ্তর-এর ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত হালনাগাদ তথ্যে এসব তথ্য জানানো হয়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫ হাজার ৭৯২ জন শিশু হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে গত একদিনেই ভর্তি হয়েছে ৩ হাজার ৭৭৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৫২৭ জন।

আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০

এই সময়ে হামে আক্রান্ত হয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আরও ৯৪ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

তবে পূর্বে প্রকাশিত তথ্য সংশোধন করে নিশ্চিত মৃত্যুর সংখ্যা থেকে ৫টি মৃত্যু বাদ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জেলা পর্যায় থেকে ভুল তথ্য পাঠানোর কারণে এসব মৃত্যু জাতীয় প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি। সংশ্লিষ্ট জেলাগুলো হলো ব্রাহ্মণবাড়িয়া (৩), লক্ষ্মীপুর (১) ও চাঁদপুর (১)।

এদিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নতুন করে আরও একজন হামে আক্রান্ত রোগীর মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যা সর্বশেষ প্রতিবেদনে যুক্ত করা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার রোধে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং সচেতনতা বৃদ্ধি জরুরি।