দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ জনের মৃত্যু
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-সদৃশ উপসর্গে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন ২ জন এবং বাকি ১৫ জনের মৃত্যু হয়েছে হাম সন্দেহজনক উপসর্গে।
একই সময়ে নতুন করে ১ হাজার ৪৫৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আরও পড়ুন: হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৭৩
সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সারাদেশে শিশুদের মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে চলতি সময়ে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জনে।
আরও পড়ুন: হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত নিশ্চিত হামে ৫২ জনের মৃত্যু হয়েছে, আর সন্দেহজনক হাম উপসর্গে মারা গেছেন আরও ২৫৯ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সময়কালে সন্দেহজনক হাম রোগে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন রোগী। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫ হাজার ১৫১ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং সচেতনতা বৃদ্ধি করা জরুরি।





